কমফোর্ট জোন ভাঙতে গিয়ে চাকরি হারালেন কোচ সারোয়ার ইমরান

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ সারোয়ার ইমরান দাবি করেছেন, দলের খেলোয়াড়দের জন্য তৈরি হওয়া তথাকথিত ‘কমফোর্ট জোন’ বা স্বাচ্ছন্দ্যের গণ্ডি ভাঙতে গিয়েই তাকে চাকরি খোয়াতে হয়েছে। কঠোর অনুশীলন এবং শৃঙ্খলার মধ্যে দলকে আনতে চেয়েছিলেন তিনি, তবে এই উদ্যোগই বিসিবির সঙ্গে তার দূরত্বের কারণ হয়ে দাঁড়ায় বলে মনে করছেন অভিজ্ঞ এই কোচ। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দলের তৎকালীন অনুশীলন সংস্কৃতি, খেলোয়াড়দের ফিটনেস ঘাটতি এবং অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে সতীর্থদের সম্পর্কের বিষয়গুলো বিস্তারিত তুলে ধরেন।

সারোয়ার ইমরান জানান, এশিয়ান গেমস ও এশিয়া কাপের পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার আগে কোনো ধরনের আলোচনা করা হয়নি। তিনি বলেন, ‘এশিয়ান গেমস ও এশিয়া কাপের পর বিসিবি আমার সাথে কোনো যোগাযোগ করেনি। শুধু একটি চিঠি পাই যে, আমি অস্ট্রেলিয়া সফরে যাচ্ছি না, কারণ অন্য একজন কোচ সেখানে যাচ্ছেন। বিসিবির সাথে আমার শেষ যোগাযোগ ছিল এটুকুই।’

দলের ভেতরে অনুশীলনের পরিবেশ নিয়ে নিজের হতাশার কথা জানিয়ে তিনি বলেন, যখন তিনি দায়িত্ব গ্রহণ করেন, তখন বোলিং কোচ, স্পিন বোলিং কোচ, ব্যাটিং কোচ, ট্রেইনার ও ফিজিওসহ সবাই খুব চুপচাপ থাকতেন। নারী ক্রিকেটাররা যা চাইতেন, কোচিং স্টাফের সবাই তা মেনে নিতেন। সারোয়ারের মতে, এই রক্ষণশীল মনোভাবের কারণে পাঁচ বছর আগেও দলটি যেখানে ছিল, এখনও সেখানেই রয়ে গেছে। দলের ফিটনেস নিয়েও তিনি তীব্র উদ্বেগ প্রকাশ করেন। তার দাবি, প্রথম একাদশের অর্ধেকেরও বেশি ক্রিকেটারের প্রয়োজনীয় ফিটনেস ছিল না, অনেকের ফিটনেস মান ছিল গড়ের নিচে। তিনি স্পষ্ট করে বলেন, ‘আমি যদি মনে করি মাত্র ৩০টি বল প্র্যাকটিস করেই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া সম্ভব, তবে তা কখনোই বাস্তবে রূপ নেবে না।’

নিজের কোচিংয়ের ধরন নিয়ে ওঠা বদমেজাজি হওয়ার অভিযোগ সরাসরি নাকচ করেছেন সারোয়ার। তিনি ব্যাখ্যা করেন, কোচের সাথে খেলোয়াড়ের সম্পর্ক বন্ধুত্বের নয়, বরং পেশাদার হওয়া উচিত। তার ভাষ্যমতে, ‘একজন কোচ খেলোয়াড়ের বন্ধু হতে পারেন না, কারণ বন্ধুসুলভ আচরণ করলে কোনো খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়া সম্ভব হয় না।’ দলের ভেতর উপদল বা গ্রুপিংয়ের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তিনি জানান, খেলোয়াড়দের সঙ্গে অধিনায়ক নিগার সুলতানার সম্পর্কের সমীকরণ ছিল ভিন্ন। তার ভাষ্য অনুযায়ী, দলের সবাই সমানভাবে অধিনায়কের ঘনিষ্ঠ ছিল না, যা দলের সামগ্রিক পরিবেশের ওপর প্রভাব ফেলেছিল।