নতুন নাটকে ফিরছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। অভিনয় ক্যারিয়ারে অপূর্ব অতীতে তারিন, রিচি সোলায়মান, বিন্দু, জাকিয়া বারী মম, তিশা ও মেহজাবীনের মতো জনপ্রিয় তারকাদের সঙ্গে কাজ করলেও, বর্তমান সময়ে নীহার সঙ্গে তার রসায়ন বেশ আলোচনায় এসেছে। এই তারকা জুটির নতুন নাটক ‘দূরের মানুষ’ আগামী ৩ ডিসেম্বর ইউটিউবে মুক্তি পেতে যাচ্ছে। জাকারিয়া সৌখিনের পরিচালনায় নির্মিত এই নাটকটি নিয়ে দর্শক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

পরিচালক জাকারিয়া সৌখিনের সঙ্গে দীর্ঘ কাজের অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেতা অপূর্ব বলেন, সৌখিনের পরিচালনায় এর আগেও অনেক নাটকে অভিনয় করেছি এবং সেগুলো দারুণ জনপ্রিয়তা পেয়েছে। যেহেতু নাটকের চিত্রনাট্য তিনি নিজেই লেখেন, তাই নির্মাণের ক্ষেত্রে আলাদা স্বাধীনতা থাকে। বর্তমানে দর্শকরা তটিনী ও নীহার বিপরীতে আমাকে দেখতে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। ‘দূরের মানুষ’ নাটকেও আমাদের একসঙ্গে দেখা যাবে। নীহা আগের চেয়ে অনেক বেশি দক্ষ হয়ে উঠেছে এবং আমার বিশ্বাস, ভবিষ্যতে সে আরও ভালো করবে।

সহশিল্পী অপূর্ব সম্পর্কে নীহা বলেন, তিনি অত্যন্ত গুণী একজন অভিনেতা। শুটিং সেটে অভিনয়ের কোনো বিষয়ে দ্বিধা থাকলে আমি নির্দ্বিধায় তাকে জিজ্ঞেস করি। তার পরামর্শ আমার অভিনয়ের মান বাড়াতে এবং চরিত্রকে প্রাণবন্ত করে তুলতে সাহায্য করে। এই নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। আশা করছি, গল্পটি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিতে সক্ষম হবে।

নাটকের কাজের বাইরে বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন জিয়াউল ফারুক অপূর্ব। খুব শীঘ্রই তিনি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেখানে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আয়োজিত একটি গানের সন্ধ্যায় সংগীত পরিবেশনের কথা রয়েছে এই জনপ্রিয় তারকার।