দুই কন্যাসন্তানের মা হওয়ার আগে দীর্ঘ সময় ধরে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়কে। সন্তানধারণে জটিল সমস্যার সম্মুখীন হয়ে তিনি এক পর্যায়ে সংশয়ে পড়েছিলেন যে আদৌ মা হওয়া সম্ভব হবে কি না। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মাতৃত্বের সেই কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এই অভিনেত্রী।
সেই সংকটময় সময়ে পরিচালক ফারাহ খানের জীবনসংগ্রাম তাকে নতুন করে আশার আলো দেখিয়েছিল। ৪৩ বছর বয়সে সহায়ক প্রজনন পদ্ধতির মাধ্যমে ফারাহ তিন সন্তানের মা হয়েছিলেন। তার সেই লড়াইয়ের উদাহরণ দেবিনার মনে প্রবল সাহস ও ভরসা যুগিয়েছিল। দেবিনা জানান, কর্মজীবনের ব্যস্ততায় অনেক নারীই মাতৃত্বের পরিকল্পনা পিছিয়ে দেন, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের মনে সময় ফুরিয়ে আসার ভয় তৈরি হয়। তবে ৪০ পেরিয়েও মাতৃত্বের স্বাদ পেয়েছেন এমন নারীদের গল্প অনেকের মনে নতুন আশা জাগাতে পারে।
সন্তান জন্মের পরবর্তী নারীর শারীরিক ও মানসিক পরিবর্তনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন দেবিনা। তিনি উল্লেখ করেন, হরমোনের পরিবর্তনসহ নানামুখী শারীরিক সমস্যার মধ্য দিয়ে নারীদের যেতে হয়, তাই তাদের পরিস্থিতি সবার বোঝা উচিত। নিজের শরীর সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি কোনো সমস্যা দেখা দিলে দ্রুত কারণ খুঁজে সমাধানের পরামর্শ দিয়েছেন তিনি। মাতৃত্ব ও সন্তানধারণ সংক্রান্ত জটিল বিষয়গুলো নিয়ে সমাজে আরও খোলামেলা আলোচনার প্রয়োজন বলে মনে করেন এই অভিনেত্রী।

