কুমিল্লার সীমান্তে বিএসএফ-এর হেফাজতে দুই পুলিশ সদস্য

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর হাতে আটক হয়েছেন পুলিশের দুই সদস্য। ভুক্তভোগীদের মধ্যে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং অন্যজন কনস্টেবল। বৃহস্পতিবার রাত ১টার দিকে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া থানার একটি ডিউটি পার্টি সিএনজিচালিত অটোরিকশায় টহল দিচ্ছিল। শশীদল ইউনিয়নের ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন আশা বাড়ি এলাকায় মাদক উদ্ধারের লক্ষ্যে তারা অভিযান পরিচালনা করছিল। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালানোর চেষ্টা করলে কনস্টেবল রোহিত দেওয়ান তার পিছু ধাওয়া করেন। এক পর্যায়ে ওই কনস্টেবল সীমান্ত অতিক্রম করলে স্থানীয় ভারতীয় নাগরিকরা তাকে আটক করেন।

সহকর্মী কনস্টেবলকে উদ্ধার করতে ডিউটি পার্টির ইনচার্জ এএসআই ইমরান হোসেন এগিয়ে গেলে তাকেও আটক করা হয়। পরবর্তীতে সেখানে উপস্থিত বিএসএফ সদস্যরা ওই দুই পুলিশ সদস্যকে নিজেদের হেফাজতে নেয়। ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন জানান, মাদক কারবারিকে ধরার প্রচেষ্টার সময় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে এবং আটক পুলিশ সদস্যদের দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তী সময়ে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে তাঁদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।