কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দাজুড়ে সারি সারি মোটরসাইকেল পার্কিংয়ের কারণে সেবাগ্রহীতা ও দর্শনার্থীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এমনকি কয়েকটি দপ্তরের দরজার সামনেও মোটরসাইকেল রাখায় সেগুলো বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন সংশ্লিষ্টরা।
সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, অফিসের বিভিন্ন দপ্তরের সামনে মোটরসাইকেলগুলো এলোমেলোভাবে রাখা হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সেবাগ্রহীতারা প্রশ্ন তুলেছেন, যদি এসব মোটরসাইকেল কর্মকর্তা-কর্মচারীদেরই হয়, তবে তাদের জন্য আলাদা পার্কিংয়ের ব্যবস্থা নেই কেন?
সকালে অফিসে প্রবেশের সময় মোটরসাইকেলের এমন সারি দেখে গণমাধ্যমকর্মী জুয়েল রানা বিস্ময় প্রকাশ করে বলেন, এটি কি জেলা প্রশাসকের কার্যালয় নাকি মোটরসাইকেলের শোরুম? অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দপ্তরে কাজে আসা হাবিবুর রহমানও একই ধরনের ক্ষোভ প্রকাশ করে বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে পার্কিং সুবিধা না থাকাটা হতাশাজনক। তিনি জেলা প্রশাসকের কাছে বিষয়টি দেখার অনুরোধ জানান।
সেবা নিতে আসা তৌহিদুর রহমান নামের আরেক ব্যক্তি জানান, বারান্দায় এত বাইক দেখে তিনি প্রথমে ভেবেছিলেন এখানে বুঝি নিলামের বাইক রাখা হয়েছে। পরে জানতে পারেন এগুলো কর্মকর্তা-কর্মচারীদের।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। যারা বারান্দায় বাইক রেখেছেন, তাদের সতর্ক করা হবে এবং ভবিষ্যতে যেন এমনটি না হয়, সেই ব্যবস্থা নেওয়া হবে।

