খেলোয়াড়ি জীবনে ইনজুরি বা শারীরিক অসুস্থতার কারণে অনেকের সম্ভাবনাময় ক্যারিয়ার অসময়ে থেমে যায়। অর্থের অভাব কিংবা উপযুক্ত চিকিৎসার অভাবে অনেক ক্রীড়াবিদ অসহায় হয়ে পড়েন। দেশের ক্রীড়াবিদদের এই দীর্ঘদিনের দুশ্চিন্তা ও স্বাস্থ্যঝুঁকি লাঘবে রাষ্ট্রীয় ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও দেশের শীর্ষ চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ল্যাবএইড গ্রুপ যৌথ উদ্যোগ নিয়েছে। উভয় প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, এখন থেকে ক্রীড়া কার্ডধারী খেলোয়াড় এবং তাদের পরিবারের সদস্যরা বিশেষ ছাড়ে আধুনিক চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এ সময় মন্ত্রণালয়, এনএসসি ও ল্যাবএইড গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, ল্যাবএইড হাসপাতাল, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এবং ল্যাবএইড টেলিমেডিসিন প্ল্যাটফর্ম থেকে কার্ডধারীরা বহির্বিভাগীয় প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষায় ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এছাড়া সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, ইকো, ইটিটি ও আল্ট্রাসনোগ্রামসহ অন্যান্য নির্ধারিত পরীক্ষার ক্ষেত্রে ১৫ শতাংশ ছাড় কার্যকর থাকবে। ইনডোরে ভর্তি রোগীদের বেড চার্জেও বিশেষ ছাড়ের সুবিধা রাখা হয়েছে। একইভাবে ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে প্যাথলজি ও বায়োকেমিস্ট্রির পাশাপাশি কেমো ডে কেয়ার বেড চার্জেও খেলোয়াড়রা বিশেষ ছাড় পাবেন। লাইফ প্লাস বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে টেলিমেডিসিন সেবা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, অ্যাপয়েন্টমেন্ট, বাসায় গিয়ে নমুনা সংগ্রহ, অ্যাম্বুলেন্স বুকিং ও ওষুধ হোম ডেলিভারিতেও নির্ধারিত ছাড় প্রযোজ্য হবে। এই চুক্তির আওতায় ল্যাবএইড হাসপাতাল, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এবং ল্যাবএইড টেলিমেডিসিন প্ল্যাটফর্ম থেকে ক্রীড়া কার্ডধারীরা পাবেন বহির্বিভাগীয় প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষায় ৩০ শতাংশ ছাড়।
ক্রীড়াবিদদের সামগ্রিক নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, সরকার এমন একটি সমন্বিত ক্রীড়াব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে প্রশিক্ষণ থেকে শুরু করে চিকিৎসা, আর্থিক সহায়তা, কর্মসংস্থান, সামাজিক মর্যাদা এবং অবসর-পরবর্তী জীবনেও ক্রীড়াবিদরা রাষ্ট্রীয় ও সামাজিক সহযোগিতা পাবেন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একযোগে সম্পৃক্ত করার মাধ্যমেই একটি টেকসই ও কল্যাণমুখী ক্রীড়াব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

