অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও শুক্রবার (২০ নভেম্বর) বিভিন্ন এলাকায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এসব হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।
বিভিন্ন এলাকায় হামলা ও হতাহতের তথ্য
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, শুক্রবার মধ্য গাজার বুরেইজ শরণার্থীশিবিরের দক্ষিণ-পশ্চিমে ইসরাইলি বিমান হামলায় চার ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হন। হামলার পর নিকটস্থ আল-আকসা শহীদ হাসপাতাল ও আল-আওদা হাসপাতাল কর্তৃপক্ষ দুটি করে মরদেহ গ্রহণ করে।
- দেইর আল-বালাহর আল-মুনাসারা বাস্তুচ্যুত শিবিরের একটি তাঁবুতে ড্রোন হামলায় একজন নিহত হন।
- মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরের উত্তরাংশে আরেকটি ড্রোন হামলায় আরও একজন প্রাণ হারান।
ইসরাইলি বাহিনীর বক্তব্য ও স্থল অভিযান
ইসরাইলি সামরিক বাহিনী জানায়, শুক্রবার কয়েকটি স্থানে একাধিক সশস্ত্র যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার মধ্য গাজায় ট্যাংক নিয়ে পরিচালিত একটি স্থল অভিযান শেষ করে ইসরাইল। যুদ্ধবিরতির পর নির্ধারিত ‘ইয়েলো লাইন’-এর বাইরের এসব এলাকায় ইসরাইলি সেনা ও হামাসের নিয়ন্ত্রণাধীন অঞ্চল আলাদা করা হয়েছে। সামরিক বাহিনীর দাবি, সেনাসদস্যদের জন্য হুমকি তৈরি করা একটি ‘সন্ত্রাসী সুড়ঙ্গ’ ধ্বংস করতেই ওই অভিযান চালানো হয়েছিল।

