চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে পিএসজির জন্য দুঃসংবাদ, চোটের কবলে দেম্বেলে

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি ক্লাবটির তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে ডান পায়ের কাফের চোটে পড়েছেন। আগামী ৩০ মে বুদাপেস্টে আর্সেনালের বিপক্ষে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে পিএসজি, তার আগেই এই ইনজুরি দলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।

গত রবিবার প্যারিস এফসির বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে ২-১ গোলে হেরেছে পিএসজি। সেই ম্যাচে মাত্র আধা ঘণ্টা খেলার পরই দেম্বেলেকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ডান পায়ের কাফে অস্বস্তি অনুভব করায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে। আগামী কয়েক দিন তাকে চিকিৎসার পর্যবেক্ষণে রাখা হবে। তবে ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় বা টিম বাসে ওঠার সময় তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়নি, যা কিছুটা স্বস্তি জোগাচ্ছে।

দেম্বেলের চোট নিয়ে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, ‘আমার মনে হয় এটি কেবল ক্লান্তিজনিত সমস্যা। মৌসুমের শেষ দিকটা বেশ কঠিন ছিল, তবে এখন আমাদের সামনে ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচটির প্রস্তুতির জন্য দুই সপ্তাহ সময় আছে।’ ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি মৌসুমে বেশ কয়েকবার থাই ও কাফের চোটে ভুগেছেন।

দেম্বেলের পাশাপাশি পিএসজির অন্য খেলোয়াড়দের ফিটনেস নিয়েও কাজ চলছে। আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, নুনো মেন্ডেস এবং লুকাস শ্যভালিয়ে থাইয়ের সমস্যার কারণে রবিবার প্যারিস এফসির ম্যাচে খেলতে পারেননি। তবে শনিবার তারা ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন।

উল্লেখ্য, গত বুধবার লেন্সকে ২-০ গোলে হারিয়ে টানা পঞ্চম এবং সব মিলিয়ে রেকর্ড ১৪তম ফরাসি লিগ শিরোপা নিশ্চিত করেছে পিএসজি। এখন তাদের মূল লক্ষ্য গতবারের মতো এবারও ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখা।