নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় বেতন বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে। বিকেল ৫টা পর্যন্ত ওই এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।
স্থানীয় ও শ্রমিক সূত্রের তথ্যানুযায়ী, দুপুরের খাবারের বিরতির পর আবীর ফ্যাশনের কর্মীরা কাজে না ফিরে কারখানার সামনে অবস্থান নেন। পরে কর্তৃপক্ষ কারখানাটিতে ছুটি ঘোষণা করলে অন্য শ্রমিকেরা এতে সংহতি জানিয়ে বিক্ষোভে যোগ দেন। এরপর কাঠেরপুল এলাকার মেট্রো নিটওয়্যার, মাইক্রো ফাইবার ও আজাদ নিট কম্পোজিটসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা একত্রিত হয়ে মিছিল নিয়ে শিবু মার্কেট এলাকায় জড়ো হন।
বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকেরা লিংক রোডের মূল সড়কে ওঠার চেষ্টা করলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। তবে পুলিশের উপস্থিতি উপেক্ষা করেই শ্রমিকেরা সড়কে অবস্থান নেন, যার ফলে উভয় দিকে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং অনেক যাত্রীবাহী বাস আটকা পড়ে। শ্রমিকেরা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে, এতে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। পরে পুলিশ টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, শ্রমিকেরা রাস্তা আটকে যান চলাচলে ব্যাঘাত ঘটালে পুলিশ তাদের সরাতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ ও আগুন জ্বালিয়ে পরিস্থিতি অশান্ত করে তোলে। আইনশৃঙ্খলা ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কাজ করছে।

