জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
সভায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বৈঠকে জাতীয় সংসদের বর্তমান সাউন্ড সিস্টেম পরিবর্তনের লক্ষ্যে বিশ্বের আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন বিকল্প নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হয়। গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে এই প্রকল্পের কারিগরি সক্ষমতা, প্রযুক্তিগত দিক এবং বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়।
উপস্থাপনায় আধুনিক সাউন্ড সিস্টেমের কার্যকারিতা এবং সংসদীয় কার্যক্রমের সঙ্গে এর সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত অতিথিরা পুরো বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন।

