ডাবলসের আকার কমানোর পরিকল্পনায় এটিপির ওপর অসন্তোষ প্রকাশ খেলোয়াড়দের

এটিপি ট্যুরের নতুন পরিকল্পনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন শীর্ষস্থানীয় পুরুষ ডাবলস খেলোয়াড়রা। ২০২৮ সাল বা তার পরবর্তী সময়ের জন্য এটিপি যে সংস্কারের কথা ভাবছে, তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন তারা। এই পরিকল্পনার ফলে ডাবলস প্রতিযোগিতার আকার ছোট হওয়ার পাশাপাশি প্রাইজমানির বড় অংশ সিঙ্গেলস ইভেন্টে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে এটিপি বোর্ড ও ব্যবস্থাপনার কাছে পাঠানো একটি চিঠিতে ১৩৭ জন সক্রিয় খেলোয়াড়, ৩৩ জন সাবেক খেলোয়াড় এবং ২০টি টেনিস ফেডারেশন স্বাক্ষর করেছে।

খেলোয়াড়দের ভাষ্যমতে, বর্তমান প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী ডাবলস থেকে প্রায় ২০ মিলিয়ন ডলার প্রাইজমানি সিঙ্গেলসে সরিয়ে নেওয়া হতে পারে। এটি ডাবলস বিশেষজ্ঞ খেলোয়াড়দের জন্য পেশাদার সুযোগ অনেক কমিয়ে দেবে। খেলোয়াড়রা সতর্ক করে বলেছেন যে, টেনিস শুধু একটি ব্যবসায়িক উদ্যোগ নয়; একটি সুস্থ পেশাদার ক্রীড়া কাঠামো ধরে রাখতে হলে নতুন খেলোয়াড়দের উঠে আসার সুযোগ ও জীবিকার পথ উন্মুক্ত রাখা জরুরি। তাদের মতে, শুধুমাত্র গুটিকয়েক শীর্ষ তারকার ওপর নির্ভর করে কোনো খেলার টেকসই উন্নয়ন সম্ভব নয়।

এটিপির প্রস্তাবিত পরিকল্পনায় এলিট এটিপি মাস্টার্স ১০০০ ইভেন্টে ডাবলস দলের সংখ্যা ৩২ থেকে কমিয়ে ১৬টিতে নামিয়ে আনার আলোচনা চলছে। এছাড়া নিম্নস্তরের ইভেন্টগুলোতেও দল সংখ্যা আরও সীমিত করা হতে পারে। বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ৬০ নম্বর ডাবলস খেলোয়াড় সেম ভারবেক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, টেনিস মানেই ঐতিহ্য, আনন্দ ও স্পোর্টসম্যানশিপ। তার মতে, একটি খেলার মূল ভিত্তি হওয়া উচিত সবার জন্য সুযোগ তৈরি করা, বন্ধ করে দেওয়া নয়।

পুরুষ টেনিসের এই অভিভাবক সংস্থাটি অবশ্য জানিয়েছে, ডাবলস তাদের ট্যুরের একটি গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করতেই তারা এই পর্যালোচনা করছে। ২০২৮ সালের মধ্যে খেলোয়াড়দের মোট প্রাইজমানি ৩৫০ মিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে এটিপি তাদের বোনাস পুল ২১.৫ মিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৫০ মিলিয়ন ডলার করার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি র‍্যাঙ্কিং ও ক্যালেন্ডারেও পরিবর্তনের রূপরেখা তৈরি করা হয়েছে।

আগামী মাসে তুরিনে অনুষ্ঠেয় এটিপির বছর শেষের সভায় বিষয়টি নিয়ে খেলোয়াড় পরামর্শক কাউন্সিলের সঙ্গে আরও আলোচনার কথা রয়েছে। রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্য জানতে এটিপির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বর্তমানে গ্র্যান্ড স্ল্যাম ও অলিম্পিক বাদে ডাবলস ইভেন্টগুলো সিঙ্গেলসের তুলনায় অনেক কম গুরুত্ব পায় এবং অনেক শীর্ষ সিঙ্গেলস খেলোয়াড় এতে অংশ নিতে আগ্রহী হন না, যদিও ক্লাব পর্যায়ে এটি বেশ জনপ্রিয়।