রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত দেশের নতুন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ‘ডমেস্টিক থ্রি’ বা ‘ডি-থ্রি’ ট্রফির নিলামে তারকা ক্রিকেটারদের ঘিরে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে। নিলামের সবচেয়ে আকর্ষণীয় ঘটনা ছিল পেসার শরীফুল ইসলামকে নিয়ে, যাকে রেকর্ড ২ কোটি ৩০ লাখ পয়েন্ট দিয়ে নিজেদের দলে টেনেছে সিটিজেন ব্যাংক।
প্রচলিত পদ্ধতির বদলে এই টুর্নামেন্টে দল গঠনের লড়াই চলছে পয়েন্টের ভিত্তিতে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য ১০ কোটি পয়েন্টের সীমাবদ্ধতা থাকলেও নির্দিষ্ট কোনো ক্রিকেটারের জন্য কোনো সর্বোচ্চ সীমা ছিল না। এই সুযোগ কাজে লাগিয়ে ওয়ালটন ২ কোটি ১০ লাখ পয়েন্টে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে। এছাড়া তানজিদ হাসান তামিমকে ফরচুন গ্রুপ ২ কোটি পয়েন্টে এবং ওপেনার সাইফ হাসানকে সেভেন রিংস সিমেন্ট ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে। উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক ১ কোটি ৭০ লাখ পয়েন্টে সিটিজেন ব্যাংকে যোগ দিয়েছেন।
নিলামের এই পয়েন্টের সঙ্গে ক্রিকেটারদের আর্থিক প্রাপ্তির সরাসরি কোনো সংযোগ নেই। তারা বিসিবির নির্ধারিত ঘরোয়া ম্যাচ ফি অনুযায়ী পারিশ্রমিক পাবেন। এর মধ্যে চার দিনের ম্যাচে ১ লাখ ৫০ হাজার টাকা, লিস্ট ‘এ’ বা ৫০ ওভারের ম্যাচে ১ লাখ টাকা এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ৮০ হাজার টাকা করে ম্যাচ ফি নির্ধারিত রয়েছে। উল্লেখ্য, নিলামের জন্য ‘এ’ থেকে ‘ই’ ক্যাটাগরি পর্যন্ত খেলোয়াড়দের ভিত্তিমূল্য ৫ লাখ থেকে সর্বোচ্চ ৪০ লাখ পয়েন্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। নিলামের জন্য ‘এ’ ক্যাটাগরিতে ৪০ লাখ, ‘বি’ ক্যাটাগরিতে ৩০ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ২০ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ১০ লাখ ও ‘ই’ ক্যাটাগরিতে ৫ লাখ পয়েন্ট ভিত্তিমূল্য ধরা হয়েছিল। ।

