দেশে উদ্ভাবনী প্রযুক্তি চর্চাকে উৎসাহিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর ও রোবটিক্স গবেষণার বিস্তারে সরকার তরুণ প্রযুক্তিবিদদের নীতিগত সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) মিলনায়তনে বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত ‘নিপ্পন এআই ডো জো ২০২৬’ শীর্ষক প্রকল্পের সমাপনী ও প্রকল্প উপস্থাপন অনুষ্ঠানে এ কথা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, তরুণদের এ ধরনের গবেষণায় সরকার পূর্ণ সমর্থন দেবে, তবে প্রযুক্তির সুনির্দিষ্ট প্রয়োগের পথনকশা বিশেষজ্ঞদের কাছ থেকেই আসতে হবে।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন কেবল গবেষণাগারে সীমাবদ্ধ নেই; বরং এটি কৃষি, স্বাস্থ্যসেবা, ম্যানুফ্যাকচারিং ও ফ্রিল্যান্সিংয়ের মতো অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোতে আমূল পরিবর্তন আনছে। তিনি প্রযুক্তিবিদদের উদ্দেশ্যে বলেন, বিশ্বমানের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিজস্ব বাস্তব চাহিদা অনুযায়ী বাংলা ডেটাসেট, এআই প্ল্যাটফর্ম ও প্রোগ্রামিং তৈরিতে তরুণদের গবেষণায় আরও গভীরতা ও প্রজ্ঞার পরিচয় দিতে হবে। কেবল বিদেশি এআই টুল ব্যবহারে দক্ষ হওয়াই যথেষ্ট নয়, বরং বাংলাদেশের বিদ্যমান অবকাঠামোগত চ্যালেঞ্জ যেমন—বিদ্যুতের ঘাটতি ও প্রাকৃতিক সম্পদের ব্যবহারের সীমাবদ্ধতাকে বিবেচনায় নিয়ে দেশোপযোগী প্রযুক্তির উন্নয়ন ঘটাতে হবে। বিশেষ করে দেশের মোট অর্থনীতির বড় অংশ জুড়ে থাকা কৃষিখাত এবং স্বাস্থ্যসেবার মতো ক্ষেত্রগুলোতে প্রযুক্তিগত ঘাটতি পূরণে এআই কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে উচ্চবিলাসী পরিকল্পনার পাশাপাশি স্থানীয় অবকাঠামোগত বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘‘বিদেশের এআই টুলস ব্যবহারে দক্ষতা দেখিয়ে বড় সাফল্য অর্জন করাই যথেষ্ট নয়। এজন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন, জিপিইউ চালনার সক্ষমতা এবং সমৃদ্ধ বাংলা ডেটাসেটের অভাবের মতো মৌলিক চ্যালেঞ্জগুলো মাথায় রাখতে হবে।’’।
জাপানের উন্নয়ন অংশীদারিত্বের প্রশংসা করে উপদেষ্টা বলেন, ‘নিপ্পন এআই ডো জো ২০২৬’ প্রকল্পটি তরুণদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে এক মাইলফলক। ইউএপি, জাপানের চোয়া জিকেন কর্পোরেশন এবং এআই সামুরাই জাপানের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বাংলাদেশের তরুণদের দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্য নেওয়া হয়েছে। সমাপনী আয়োজনে ইউএপি, ব্র্যাক ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান দিয়ে বিভিন্ন বাস্তবমুখী এআই প্রকল্প প্রদর্শন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর যুব দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী সাইয়েদ আবদুল্লাহ, ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আবু সাঈদ এম. আহমেদ এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মজিবুল হক। এছাড়া বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাইয়ুম রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সরকারি প্রতিনিধি ও শিল্পখাতের সংশ্লিষ্টরা অংশ নেন। সমাপনী পর্বে কৃতিত্বের স্বাক্ষর রাখা প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও সম্মাননা বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়।

