রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের বাতিল হওয়া লাইসেন্স পুনরায় ফিরে পেয়েছে কর্তৃপক্ষ। তবে এই লাইসেন্স ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় তিনটি সুনির্দিষ্ট শর্ত জুড়ে দিয়েছে।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত এক স্মারক চিঠিতে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়।
মন্ত্রণালয়ের দেওয়া শর্তগুলো হলো— ১৯৮২ সালের ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশনস) অর্ডিন্যান্স’-এর নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে। এছাড়া লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, লাইসেন্সের শর্তাবলি পালনে ব্যর্থ হলে সরকার যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলেও সতর্ক করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির লাইসেন্স ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৭ মে ঈদুল আজহার আগের দিন সকালে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায়। প্রতিবেদনে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প ভেন্টিলেশনের অভাবকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়।
তদন্ত প্রতিবেদনের পর স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া জবাব সন্তোষজনক নয়। এরপর গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায়। তবে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আপিলের সুযোগ ছিল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে।

