জোহেনেসবার্গে প্রথম ইনিংসে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা। ৩৭৬ রানে ৭ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও চতুর্থ দিনের শেষে প্রোটিয়াদের ইনিংস থামে ৫৫৭ রানে। এর ফলে বাংলাদেশের প্রথম ইনিংসের ৪০০ রানের বিপরীতে তারা ১৫৭ রানের গুরুত্বপূর্ণ লিড পেয়েছে। আগের দিন দলের ব্যাটার রায়ান রিকেলটন ১০০ রানের লিড পাওয়ার আশার কথা জানালেও, চতুর্থ দিনে তার দল প্রত্যাশার চেয়েও ভালো করেছে।
দিন শুরুর সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৩৭৬ রানে ৭ উইকেট। এদিন রিকেলটন ও কাগিসো রাবাদা দারুণ এক জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ৫৬ রান নিয়ে দিনের খেলা শুরু করা রিকেলটন শেষ পর্যন্ত ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে নেন। ১৬৫ বলে ১০২ রান করার পর তিনি মেহেদী হাসান মিরাজের বলে স্টাম্পড হন। এর আগে নবম উইকেটে রাবাদার সঙ্গে তিনি ১১৭ রানের মহামূল্যবান একটি জুটি গড়েছিলেন।
অন্যদিকে, রাবাদা ৩৮ রানে থাকাকালীন তাসকিন আহমেদের বলে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ক্যাচ মিসে জীবন পান। সেই সুযোগ কাজে লাগিয়ে রাবাদা ৯৩ বলে ১০টি চার ও ২টি ছক্কায় ৭২ রান সংগ্রহ করেন। মিরাজের এক ওভারে দুটি ছক্কা মারার পর তৃতীয় ছক্কার চেষ্টায় তিনি স্টাম্পড হন। এই রাবাদাকে স্টাম্পিংয়ের মাধ্যমে লিটন দাস টেস্ট ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ আটটি ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়েছেন। তিনি পেছনে ফেলেছেন ওয়াসিম বারি, বব টেলর, ইয়ান স্মিথ, রিডলি জ্যাকবস ও জশুয়া ডা সিলভাদের মতো কিংবদন্তি উইকেটরক্ষকদের। ৯৩ বলে ১০ চার ও ২ ছক্কায় ৭২ রান করেন তিনি।
রাবাদার বিদায়ের পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া অধিনায়ক টেম্বা বাভুমা ফিরে এসে অপরাজিত ৬৮ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলেন। শেষ উইকেটে ডেন প্যাটারসনকে নিয়ে তিনি আরও ৪৫ রান যোগ করেন। প্যাটারসন হাসান মাহমুদের বলে বোল্ড হলেও নো বলের কল্যাণে বেঁচে যান। শেষ পর্যন্ত ইবাদত হোসেনের শিকার হয়ে ২৭ বলে ২৯ রান করে প্যাটারসন ফিরলে প্রোটিয়াদের ইনিংস শেষ হয়। বাংলাদেশের সফলতম বোলার হাসান মাহমুদ ৪টি উইকেট নিয়েছেন। এছাড়া মিরাজ ও তাসকিন দুটি করে এবং মুমিনুল হক একটি উইকেট লাভ করেন।

