২০১৮ সালের কেপটাউন টেস্টে বহুল আলোচিত বল টেম্পারিং-কাণ্ডের আট বছর পেরিয়ে গেলেও বিতর্কের রেশ কাটেনি। একের পর এক নতুন তথ্য ও স্বীকারোক্তিতে অস্ট্রেলিয়ান ক্রিকেটে যখন আবারো অস্বস্তি বাড়ছে, তখন নিজের অবস্থানে অনড় অধিনায়ক প্যাট কামিন্স। তার সাফ দাবি, বল বিকৃতির পরিকল্পনা কিংবা মাঠে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে তিনি কিছুই জানতেন না। নতুন করে ক্যামেরন ব্যানক্রফটের বিস্ফোরক বক্তব্য প্রকাশের পরও সেই অবস্থান থেকে সরে আসেননি তিনি। বুধবার সন্ধ্যায় প্রায় চার হাজার শব্দের এক দীর্ঘ বিবৃতিতে ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের ঘটনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন ব্যানক্রফট। তার বক্তব্যে পোর্ট এলিজাবেথ ও কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের পরিকল্পনা, দলের ভেতরের একাধিক আলোচনা এবং বোলারদের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ উঠে এসেছে। এর আগে উসমান খাজা দাবি করেছিলেন যে দলের সবাই বিষয়টি জানতেন, যা অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রচলিত বয়ানকে বড় প্রশ্নের মুখে ফেলেছে। ফলে সেই ঘটনায় কেবল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফটই জড়িত ছিলেন—অস্ট্রেলিয়া ক্রিকেটের সেই পুরোনো বয়ান এখন বড় প্রশ্নের মুখে।
অব্যাহত বিতর্ক ও কামিন্সের অনড় অবস্থান
ব্যানক্রফটের বক্তব্য প্রকাশের পর বৃহস্পতিবার কামিন্সের দীর্ঘদিনের এজেন্ট নিল ম্যাক্সওয়েল নতুন করে তার অবস্থান ব্যাখ্যা করেন। ম্যাক্সওয়েল বলেন, ‘আট বছর ধরে প্যাটের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। প্রথম দিন থেকেই তিনি নিজের বক্তব্যে ধারাবাহিক ও অনড়। ক্যামেরনের জন্য প্যাটের অবশ্যই সহমর্মিতা রয়েছে এবং তাকে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে।’ তিনি আরও যোগ করেন যে, জনসাধারণকে আবারো কামিন্সের সাক্ষাৎকারের পুরো প্রতিলিপি পড়ে দেখার অনুরোধ জানানো হচ্ছে, কারণ এমন কোনো তথ্য নেই যার উত্তর তিনি দেননি। গত সপ্তাহে সিডনিতে সংবাদ সম্মেলনে খাজার দাবিকে ‘১০০ শতাংশ ভুল’ বলে মন্তব্য করেন কামিন্স। খাজা মানুষের জীবন নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন বলেও অভিযোগ তোলেন তিনি। কামিন্সের সেই কঠোর বক্তব্যে ‘ক্ষোভ, বিশ্বাসঘাতকতা ও একাকিত্ব’ অনুভব করার কথা জানিয়েছেন ব্যানক্রফট।
তদন্ত ও পরবর্তী পদক্ষেপ
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, কামিন্সকে নতুন করে নির্দোষ প্রমাণের কোনো প্রয়োজন নেই।
২০১৮ সালের সেই ঘটনার তদন্ত ইতোমধ্যেই শেষ হয়েছে এবং নতুন করে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না।
তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শোনার জন্য একটি স্বাধীন ফোরাম গঠনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। ব্যানক্রফটের লেখায় বোলারদের পাশাপাশি তৎকালীন উইকেটকিপার টিম পেইনের সঙ্গেও বলের রিভার্স সুইং ও বলের অবস্থা নিয়ে আলোচনার কথা উঠে এসেছে। ব্যানক্রফট জানিয়েছেন, ওই কথোপকথনগুলো পরবর্তী সময়ে তাকে গভীরভাবে ভাবিয়েছে। তৎকালীন কোচ ড্যারেন লেম্যান ও বোলিং কোচ ডেভিড সাকারের নামও এসেছে তার বক্তব্যে। লেম্যান অবশ্য বরাবরই এই পরিকল্পনা সম্পর্কে জানার অভিযোগ অস্বীকার করে আসছেন। অন্যদিকে মিচেল স্টার্ক আগেই জানিয়েছেন, ২০২১ সালে বোলারদের দেয়া যৌথ বিবৃতির অবস্থান থেকে তাদের সরে আসার সুযোগ নেই। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ব্যানক্রফটের বক্তব্য তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। বোর্ড জানিয়েছে, ২০১৮ সালের ঘটনাগুলোর বিভিন্ন দিক রয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ দিতেই এই স্বাধীন ফোরাম গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। তাদের লক্ষ্য হলো পুরো বিষয়ের পর্যালোচনা করে বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করা।

