পুরো অস্ট্রেলিয়া দল জানত বল টেম্পারিংয়ের কথা: ক্যামেরন ব্যানক্রফট

প্রায় আট বছর পর ২০১৮ সালের সেই আলোচিত কেপটাউন টেস্টের বল টেম্পারিং কাণ্ড নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বলের রিভার্স সুইং বাড়ানোর জন্য স্যান্ডপেপার ব্যবহারের ঘটনাটি শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং তার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং পুরো অস্ট্রেলিয়া দলই বিষয়টি সম্পর্কে জানত। এর আগে উসমান খাজা তার আত্মজীবনী ‘সবর’-এ একই ধরনের অভিযোগ তুলেছিলেন, যা পরবর্তীতে বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স অস্বীকার করেছিলেন।

ব্যানক্রফট ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রায় চার হাজার শব্দের একটি নিবন্ধে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, প্যাট কামিন্সের সেই অস্বীকার তাকে অত্যন্ত রাগান্বিত করেছে এবং তিনি নিজেকে বিশ্বাসঘাতকতার শিকার ও একাকী বোধ করছেন। সেই সময় ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের মুখে পড়ে তিনি পুরো সত্য গোপন করেছিলেন। তার ভাষ্যমতে, অন্যদের বাঁচাতেই তিনি ঘটনার বিস্তারিত তথ্য এবং দলের অন্য সদস্যদের সম্পৃক্ততার বিষয়টি তখন চেপে গিয়েছিলেন। ব্যানক্রফটের ভাষ্য, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের সময় আমি পূর্ণাঙ্গ ও সত্যনিষ্ঠ বিবরণ দিইনি। স্যান্ডপেপার ব্যবহার কখন শুরু হয়েছিল, কত দিন ধরে চলেছিল এবং অন্যদের সম্পৃক্ততা ও বিষয়টি সম্পর্কে তাঁদের জানাশোনার গুরুত্বপূর্ণ তথ্য আমি গোপন করেছিলাম।

ঘটনার প্রেক্ষাপট নিয়ে ব্যানক্রফট বিস্তারিত বর্ণনা করেছেন। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতিতে ড্রেসিংরুমে বসে বলের রিভার্স সুইং বাড়ানো নিয়ে খেলোয়াড় এবং কোচিং স্টাফরা আলোচনা করছিলেন। সেখানে বোলিং কোচ ডেভিড সাকার এবং প্রধান কোচ ড্যারেন লেহম্যান উপস্থিত ছিলেন। ব্যানক্রফট দাবি করেছেন, বল স্বাভাবিকভাবে চকচকে করা বা লালা ব্যবহারের প্রচলিত পদ্ধতিতে কাজ হচ্ছিল না বলেই ডেভিড ওয়ার্নার স্যান্ডপেপার ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন।

ব্যানক্রফট জানিয়েছেন, ড্রেসিংরুমে সেদিন সবাই উপস্থিত না থাকলেও বিষয়টি শুধু তার ও ওয়ার্নারের আলোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল না।

তিনি বলেন, “কোচ ড্যারেন লেহম্যান এবং বোলিং কোচ ডেভিড সাকার সেখানে উপস্থিত ছিলেন। বল বাতাসে সুইং করানোর প্রয়োজনীয়তা নিয়ে তখন খোলাখুলি কথা হচ্ছিল। আমরা সবাই চাপের মধ্যে ছিলাম এবং অস্ট্রেলিয়ার হয়ে ম্যাচ জেতার লক্ষ্যই ছিল আমাদের প্রধান উদ্দেশ্য। সেই আলোচনায় তাকে যখন কাজটি করার প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি তা ভুল জেনেও অস্বস্তি নিয়ে মেনে নিয়েছিলেন, কারণ তিনি এটিকে কেবল ক্রিকেটের নিয়ম ভাঙা নয়, বরং প্রতারণা হিসেবেই গণ্য করতেন।

ব্যানক্রফট আরও জানান, তিনি নিয়মিত দলের বোলারদের সঙ্গে বলের অবস্থা নিয়ে কথা বলতেন। তিনি প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও মিচেল মার্শের কাছ থেকে জানতে চাইতেন বল যথেষ্ট রিভার্স সুইং করছে কি না। এছাড়া উইকেটের পেছনে থাকা তৎকালীন অধিনায়ক টিম পেইন বলের গতিপ্রকৃতি দেখার সুযোগ পেতেন বলে তার কাছ থেকেও তিনি নিয়মিত মতামত নিতেন। তিনি প্রশ্ন তুলেছেন, বোলার ও উইকেটকিপারের সঙ্গে আলোচনা না করলে বল নিয়ে তার কাজ কতটা কার্যকর হচ্ছে, তা তিনি বুঝতেন কীভাবে?

উসমান খাজার আত্মজীবনীর বিবরণের সঙ্গে ব্যানক্রফটের এই দাবির বেশ মিল পাওয়া যায়। খাজার বইয়ে বলা হয়েছে, সেই সময় ওয়ার্নার নিজের ওপর বাড়তি নজরদারি থাকায় সরাসরি এই কাজটি নিজে করতে চাননি। এদিকে, ব্যানক্রফটের এই নিবন্ধ প্রকাশের কয়েক ঘণ্টা আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে যে, ২০১৮ সালের সেই ঘটনার বিষয়ে যে কেউ তাদের কাছে নতুন তথ্য জানাতে পারবেন এবং এর জন্য একটি বিশেষ ফোরাম গঠন করা হবে। তবে বোর্ড স্পষ্ট করে দিয়েছে যে, তারা পুরোনো তদন্ত নতুন করে শুরু করবে না এবং কারো বিরুদ্ধে নতুন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। একপর্যায়ে আমাকে জিজ্ঞাসা করা হয়, আমি কাজটি করতে পারব কি না।