জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে তরুণদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যেকোনো জাতির প্রাণশক্তি এবং উন্নয়নের মূল চালিকাশক্তি হলো যুবসমাজ। শনিবার (৩১ অক্টোবর) এক বাণীতে তিনি উল্লেখ করেন, দেশের স্বাধীনতা অর্জন থেকে শুরু করে প্রতিটি জাতীয় সংকটে ও উন্নয়নের প্রতিটি ধাপে তরুণদের অবদান অনস্বীকার্য। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে তরুণদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হতে হবে।
বাণীতে প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগের স্মৃতিচারণ করে জানান, জাতি গঠনে যুবসমাজের সম্ভাবনাকে কাজে লাগাতে ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়। তাঁর নির্দেশনায় ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তী সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নামে পরিচিতি লাভ করে।
পরবর্তীতে তৃণমূল পর্যায়ে যুব কার্যক্রম পরিচালনার জন্য ১৯৮১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর গঠিত হয়। তিনি ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় সব জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়টিও স্মরণ করেন। বর্তমানে এই অধিদপ্তরের মাধ্যমে ৮০ লাখের বেশি তরুণ প্রশিক্ষণ পেয়েছে এবং ২৫ লাখের বেশি আত্মকর্মসংস্থানের মাধ্যমে মাসে ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত আয় করছেন।
বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রচলিত শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতার গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী জানান, সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ওপর বিশেষ প্রশিক্ষণ প্রকল্প চালু করেছে। এর মাধ্যমে তরুণরা ফ্রিল্যান্সিং করে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ পাচ্ছেন। এ ছাড়া স্মার্ট কৃষি, রপ্তানিমুখী প্যাকেজিং, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং নতুন সম্ভাবনাময় খাতে দক্ষতা অর্জনের পরামর্শ দিয়েছেন তিনি।
তরুণদের নতুন ও সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করতে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে বলে বাণীতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সম্ভাবনাময় উদ্যোক্তারা যেন অর্থের অভাবে পিছিয়ে না পড়ে, সেজন্যই প্রথমবারের মতো এই বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া যুব উদ্যোক্তাদের জন্য ২০২৬ সালের জুন পর্যন্ত প্রায় ২ হাজার ৮৬২ কোটি টাকার ঋণ সহায়তা প্রদান করা হয়েছে এবং ৫৪৬ জন সফল আত্মকর্মী ও যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কারে ভূষিত করা হয়েছে। বাণীতে বলা হয়, যুব উদ্যোক্তাদের সহায়তায় ২০২৬ সালের জুন পর্যন্ত ২ হাজার ৮৬১ কোটি ৮৭ লাখ টাকার যুবঋণ বিতরণ করা হয়েছে।
পরিবেশ সুরক্ষায় ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় তরুণদের বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এবারের জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, দেশের আগামীর নেতৃত্ব এবং সামগ্রিক উন্নয়নে তরুণরা তাদের উদ্ভাবনী মেধা ও দক্ষতা দিয়ে আরও কার্যকর ভূমিকা পালন করবে। দিবসটি উপলক্ষে নেওয়া সকল কর্মসূচির সার্বিক সাফল্যও কামনা করেছেন তিনি।

