সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র পাননি শত শত প্রার্থী। এই বঞ্চনার প্রতিবাদে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। রোববার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন চাকরিপ্রার্থীরা। পরে একটি মিছিল নিয়ে তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন এবং বেলা ১১টা থেকে কর্মসূচি শুরু করেন।
নিয়োগপ্রত্যাশীদের দাবি, পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের বিষয়টি কর্তৃপক্ষ যেন মানবিক ও ন্যায়সংগতভাবে পুনর্বিবেচনা করে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগপ্রাপ্তদের নিয়োগপত্র প্রদান কার্যক্রম শুরু হয়। তবে দেশের বিভিন্ন জেলায় অনেক প্রার্থীই চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও নিয়োগপত্র থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন।

