যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে প্রতিকূলতা জয় করে নিজের মেধা, সততা ও দূরদর্শিতার মাধ্যমে সাফল্যের শিখরে পৌঁছেছেন বাংলাদেশি উদ্যোক্তা তোফায়েল চৌধুরী লিটন। সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সন্তান তোফায়েল একসময় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। প্রবাসে এসেও তিনি নিজের দেশীয় মূল্যবোধ ও শেকড়ের প্রতি টান অটুট রেখেছেন, যা তাকে কমিউনিটিতে এক উজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
প্রায় ছয় বছর আগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কাপড়ের ব্যবসা ও ফুড বিজনেসের মাধ্যমে তার ব্যবসায়িক যাত্রার শুরু। তবে গতানুগতিক ধারার বাইরে নতুন কিছু করার লক্ষ্য থেকে তিনি নিউইয়র্ক স্টেট সরকারের ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৩০ শতাংশ কমিয়ে আনার বিশাল পাইলট প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ গ্রহণ করেন। এই লক্ষ্যকে সামনে রেখেই যাত্রা শুরু হয় তার প্রতিষ্ঠান ‘ড্রিম মেকানিক্যাল ইয়াং কার্স’-এর।
শুরুর দিকে নানা চ্যালেঞ্জ থাকলেও তোফায়েলের নিষ্ঠা ও বিশ্বস্ততার কারণে প্রতিষ্ঠানটি দ্রুত মূলধারার বাজারে জায়গা করে নেয়। আমেরিকান ও চীনা বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থেকে তারা মর্যাদাপূর্ণ ‘গোল্ড কন্ট্রাক্টর’ স্বীকৃতি অর্জন করেছে। বর্তমানে নিউইয়র্ক স্টেট ও এর আশপাশের এলাকায় হিটিং এবং কুলিং সিস্টেমের সরকারি সুবিধাগুলো গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে তার প্রতিষ্ঠান। তোফায়েল চৌধুরী জানান, নিউইয়র্ক সিটির ‘গ্রিন সিটি’ পরিকল্পনার অংশ হিসেবে তার প্রতিষ্ঠান থেকে গ্রাহকদের ফ্রি ড্রয়ার সুবিধা দেওয়া হচ্ছে, যা অন্য কমিউনিটির মানুষও গ্রহণ করছেন।
ব্যবসার পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে এটি এখন একটি পূর্ণাঙ্গ গ্রুপ অব কোম্পানিতে পরিণত হয়েছে। হিটিং ও কুলিং ইনস্টলেশনের জন্য রয়েছে ‘এইমিডা মেকানিক্যাল’ নামের আলাদা টিম। এছাড়া ‘নর্থ আমেরিকা হিটিং অ্যান্ড কুলিং ইলেকট্রিক্যাল সাপ্লাই হাউস’ চালুর মাধ্যমে বাংলাদেশি ও আমেরিকান ঠিকাদারদের পাইকারি মূল্যে সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। ইয়াংকার্সে কেন্দ্রীয় অফিস থাকলেও নিউইয়র্কের সর্বত্র, লং আইল্যান্ড এবং ওয়েস্টচেস্টার কাউন্টিতেও তাদের কার্যক্রম বিস্তৃত। বর্তমানে এই প্রতিষ্ঠানে বাংলাদেশি কর্মীসহ বিভিন্ন দেশের প্রায় ৪৫ থেকে ৪৭ জন দক্ষ কর্মী নিয়মিত কাজ করছেন।
ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি তোফায়েল চৌধুরী দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে সর্বদা সচেষ্ট। ব্যবসার লভ্যাংশ থেকে তিনি নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন মেলা ও সামাজিক অনুষ্ঠানে নিয়মিত স্পন্সরশিপ দিয়ে আসছেন। এছাড়া ঈদ, পূজা কিংবা বন্যাসহ যেকোনো দুর্যোগে বাংলাদেশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। বাংলাদেশের বর্তমান সরকারের পরিবেশবান্ধব রাষ্ট্র গড়ার মহাপরিকল্পনায় নিজের কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে অবদান রাখতে আগ্রহী এই উদ্যোক্তা। কমিউনিটির বিশিষ্টজনদের মতে, তোফায়েল চৌধুরীর এই সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য এক গর্বের অধ্যায়।

