মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন

নওগাঁর মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্প্রসারিত অংশের উদ্বোধন সম্পন্ন হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এক আয়োজনের মধ্য দিয়ে নতুন দ্বিতীয় ও তৃতীয় তলার উদ্বোধন করা হয়। নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভবনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম, বিদ্যালয় কার্যপরিষদের সভাপতি মো. মিরাজুল ইসলাম ও উপজেলা শিক্ষাপ্রকৌশলী মো. আসলাম মিয়া। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন। পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেলিনা পারভীন। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে অতিথিরা বিদ্যালয়ের নবনির্মিত ভবনটি ঘুরে দেখেন।

সংশ্লিষ্টরা জানান, নতুন এই দুই তলা চালু হওয়ার ফলে দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট অনেকাংশেই নিরসন হবে, যা শিক্ষার্থীদের আরও উন্নত ও উপযোগী পরিবেশে পাঠ গ্রহণে সহায়তা করবে। বক্তারা অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং সহশিক্ষা কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দেন। তারা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।