নেদারল্যান্ডস পুরুষ ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যাশলি নফকে। ৪৯ বছর বয়সী এই কোচ ডাচ ক্রিকেট বোর্ডের সঙ্গে প্রাথমিকভাবে দুই বছরের চুক্তি স্বাক্ষর করেছেন, যা ২০২৮ সালের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। রায়ান কুক ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন নফকে।
নতুন এই কোচের সামনে এখন বড় চ্যালেঞ্জ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দলের পথচলা সহজ করা। খেলোয়াড়ি জীবনে কুইন্সল্যান্ড, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের চারটি কাউন্টি দলে খেলা নফকে ২০০৮ সালের আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েও মাঠে নেমেছিলেন। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৩,৭৬৬ রান ও ৩৮৬ উইকেটের মালিক নফকে অস্ট্রেলিয়ার তৃতীয় খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ৫০০ রান ও ৫০ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েছিলেন।
কোচিং ক্যারিয়ারে নফকে ব্রিসবেন হিটের হয়ে ডব্লিউবিবিএল শিরোপা এবং কুইন্সল্যান্ড ফায়ারের হয়ে ডব্লিউএনসিএল চ্যাম্পিয়নশিপসহ নানা সাফল্যের স্বাক্ষর রেখেছেন। এছাড়া লন্ডন স্পিরিটকে প্রথমবারের মতো দ্য হান্ড্রেড শিরোপা জেতাতেও ভূমিকা রেখেছেন তিনি। নিউজিল্যান্ডে ওটাগোর পুরুষ দলের দায়িত্বে থাকার পর, ২০২৫ সালে তিনি পাকিস্তান পুরুষ দলের সহকারী কোচ ও বোলিং লিড হিসেবে কাজ শুরু করেন।
নেদারল্যান্ডসের দায়িত্ব নিয়ে নফকে জানান, রণকৌশলের চেয়ে ক্রিকেটারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বন্ধন তৈরিতেই তিনি বেশি গুরুত্ব দেবেন। তিনি বলেন, ‘ডাচ দল এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের নিয়মিত মুখ। আমি এই প্রতিভাবান ও অনুপ্রাণিত দলের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। আমার লক্ষ্য হলো দলের উন্নয়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়া।’
ডাচ ক্রিকেট বোর্ডের (কেএনসিবি) সিইও হুইব ফন ওয়ালসেম নফকের অভিজ্ঞতা ও দর্শনের প্রশংসা করে বলেন, ‘নফকে বিশ্বমানের অভিজ্ঞতাসম্পন্ন একজন কোচ এবং তার খেলোয়াড়ি ও কোচিং জীবনের ১৪টি চ্যাম্পিয়নশিপের অভিজ্ঞতা আমাদের দলকে সমৃদ্ধ করবে। সম্পর্কের ওপর তার গুরুত্ব দেওয়ার বিষয়টি দলের মধ্যে দারুণ ইতিবাচক প্রভাব ফেলবে।’ পাশাপাশি রায়ান কুকের অধীনে দলের প্রযুক্তিগত, শারীরিক ও কৌশলগত উন্নতির জন্য তাকে কৃতজ্ঞতা জানিয়েছেন বোর্ড কর্তৃপক্ষ।

