লক্ষ্মীপুরে তিন দপ্তরের প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও শাস্তিমূলক ব্যবস্থা

লক্ষ্মীপুরে বিভিন্ন দপ্তরের তিন নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কাউকে বরখাস্ত আবার কাউকে বদলি করা হয়েছে। আলোচিত এ তিন কর্মকর্তা হলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নুরুল আমিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিলকিস আক্তার এবং লক্ষ্মীপুর পৌরসভার জুলফিকার হোসেন জুয়েল।

পিডিবি প্রকৌশলী নুরুল আমিনের বিরুদ্ধে বকেয়া বিল ও মালামালের ফাইল অনুমোদনের বিনিময়ে ঠিকাদারের কাছে মোটা অঙ্কের ঘুষ দাবির অভিযোগ পাওয়া গেছে। একটি ভিডিওতে তাকে সরাসরি বলতে শোনা যায়, ‘২ কোটি টাকার নিচে নেব না’। এ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার মুখে গত ২৮ সেপ্টেম্বর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বর্তমানে বিষয়টি তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে।

অন্যদিকে, লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলী জুলফিকার হোসেন জুয়েলের বিরুদ্ধে মজুপুর এলাকায় ৭ কোটি ৩৭ লাখ টাকার সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণে অতি নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। সরকারি অর্থ আত্মসাতের প্রাথমিক অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাকে তলব করে অনুসন্ধান চালাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় গত ১৫ অক্টোবর পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তাকে স্ট্যান্ড রিলিজ দিয়ে খাগড়াছড়ি পৌরসভায় বদলি করে। এদিকে লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকায় ৭ কোটি ৩৭ লাখ টাকার সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণ কাজে অতি নিুমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রাক্তন প্রকৌশলী বিলকিস আক্তারের বিরুদ্ধে ৫৬ কোটি টাকার ওয়াশ প্রকল্পে অনিয়ম এবং ৯ হাজার ৩৮৯টি টুইন পিট ল্যাট্রিন বিতরণে কারচুপির বড় ধরনের অভিযোগ রয়েছে। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ থেকে ৯ কোটি টাকা ব্যয়ে ওয়াশব্লক নির্মাণেও মারাত্মক অনিয়ম ও তদারকিতে অবহেলার তথ্য মিলেছে। এর আগেও গাজীপুরে কর্মরত থাকা অবস্থায় তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ছিল। গণমাধ্যমে এসব অনিয়ম নিয়ে সমালোচনার প্রেক্ষিতে গত ২৪ আগস্ট তাকে স্ট্যান্ড রিলিজ দিয়ে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একাধিক গণমাধ্যমে টুইন পিট ল্যাট্রিন বিতরণ কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।