পাকিস্তানের ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে নেই জস বাটলার ও জোফরা

এই মাসের শেষদিকে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জস বাটলার এবং জোফরা আর্চার। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার কারণে বাটলার দলে জায়গা পাননি। অন্যদিকে, দীর্ঘ গ্রীষ্মকালীন ব্যস্ত সূচির পর শারীরিক ধকল কমাতে আর্চারকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।

১৬ সদস্যের ইংল্যান্ড দলে অবশ্য বড় সুখবর রয়েছে। হাতের চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ী দল থেকে বাদ পড়া লেগ-স্পিনার আদিল রশিদ দলে ফিরেছেন। কুঁচকির ইনজুরি কাটিয়ে অলরাউন্ডার স্যাম কারানও দলে পুনরায় অন্তর্ভুক্ত হয়েছেন। তাদের ফেরা প্রসঙ্গে ইংল্যান্ড পুরুষ দলের জাতীয় নির্বাচক মার্কাস নর্থ জানান, ভিন্ন কন্ডিশনে নিজেদের পরখ করার জন্য এই সিরিজটি দারুণ এক সুযোগ।

ইংল্যান্ড দলে চমক হিসেবে ফিরেছেন গ্ল্যামারগনের লেগ-স্পিনার ম্যাসন ক্রেন, যিনি দীর্ঘ আট বছর পর আন্তর্জাতিক দলে ডাক পেলেন। এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি অ্যাশেজ টেস্টে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে ওয়ানডে ফরম্যাটে এখনও অভিষেক হয়নি তার। এছাড়া সুসেক্সের জেমস কোলস এবং হেনরি ক্রোকাম্ব আবারো দলে সুযোগ পেয়েছেন। নির্বাচক নর্থ ম্যাসন ক্রেনের প্রশংসা করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছেন এবং আন্তর্জাতিক পর্যায়ে আরেকটি সুযোগ পাওয়ার যোগ্য।

রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিতব্য এই ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কা অংশ নেবে। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে খেলা শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল ৩১ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।

ইংল্যান্ড দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জেমস কোলস, জর্ডান কক্স, ম্যাসন ক্রেন, হেনরি ক্রোকাম্ব, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট ও জশ টাং।