পাকিস্তান, তুরস্ক, কাতার ও ইন্দোনেশিয়ার চারপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি

নিজেদের মধ্যে সামরিক সক্ষমতা বাড়ানো এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদার করতে একটি যৌথ চুক্তিতে সই করেছে চার দেশ। বুধবার কাতারের রাজধানী দোহায় পাকিস্তান, তুরস্ক, কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে ‘বদর সমঝোতা স্মারক’ নামের এই গুরুত্বপূর্ণ চুক্তিটি স্বাক্ষরিত হয়। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পারস্পরিক অংশীদারিত্বকে আরও গভীর করতে এবং চার দেশের মধ্যকার প্রতিরক্ষা সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতেই এই উদ্যোগ। চুক্তিটির বিশেষ অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব রয়েছে। এর মূল উদ্দেশ্য হলো সামরিক সরঞ্জাম ও অস্ত্র তৈরি, সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা বিষয়ক গবেষণা, উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ করা।

বিবৃতিতে আরও বলা হয়, অংশীদার দেশগুলোর নিজস্ব সামরিক উৎপাদন শক্তিকে কাজে লাগিয়ে একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা হবে, যা মিত্র রাষ্ট্রগুলোর নিরাপত্তা চাহিদা মেটাতেও ভূমিকা রাখবে। বদর চুক্তির মাধ্যমে চার দেশের প্রতিরক্ষা খাতের বন্ধন আরও সুদৃঢ় হবে এবং যৌথ নিরাপত্তা লক্ষ্য অর্জন সহজ হবে।

ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির অধিকারী তুরস্ক সম্প্রতি তাদের প্রতিরক্ষা সক্ষমতা সম্প্রসারণে জোর দিচ্ছে। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা জোরদারে আঙ্কারা কাজ করছে এবং কাতারে দেশটির একটি সামরিক ঘাঁটিও রয়েছে। এর আগে আগস্ট মাসে পারমাণবিক পরাশক্তি পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি করে তুরস্ক, যেখানে এক দেশের ওপর আক্রমণকে সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গেও দীর্ঘদিন ধরে যৌথ অস্ত্র ও সামরিক প্রযুক্তি উৎপাদনে তুরস্ক কাজ করে আসছে।