পাকিস্তান থেকে বাংলাদেশে আসবে খাদ্যপণ্য, রপ্তানি হবে পাট

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে খাদ্যপণ্য বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে উভয় দেশ নীতিগতভাবে একমত হয়েছে। এ লক্ষ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে, যা দুই দেশের বাণিজ্যিক সহযোগিতাকে আরও জোরদার করবে।

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পাকিস্তান ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান অসিম আজিম সিদ্দিকির নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্প্রতি বাংলাদেশ সফর করে। সফরকালে তারা শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে বাংলাদেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও উপস্থিত ছিলেন। আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

অসিম আজিম সিদ্দিকির মতে, পাকিস্তান বাংলাদেশে চাল, মসুর ডাল, ছোলা, সার এবং ভোজ্যতেল রপ্তানিতে আগ্রহী। অন্যদিকে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানি করতে চায় ইসলামাবাদ, কারণ পাকিস্তানের বাজারে এসব পণ্যের উল্লেখযোগ্য চাহিদা রয়েছে।