পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই, জানাল আপিল বিভাগ

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা আয়োজন করা যাবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের করা একটি আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত জানান। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্টের আগের আদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত রাখার কথা বলা হয়েছিল। তবে এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফলাফল ২৩ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা ছিল। রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা জানিয়েছিলেন, প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন, যাদের ফলাফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশ করা হবে। এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়ায় জটিলতা তৈরি হয়। এর আগে ১৮ নভেম্বর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছিল। রিটকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব‍্যারিস্টার আব্দুল কাইয়ুম ও ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা।

একইসঙ্গে, এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশের আগে ইউজিসির জারিকৃত নির্দেশিকা অনুযায়ী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আদালত। সেই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দিয়েছিলেন। তবে আপিল বিভাগের সাম্প্রতিক আদেশের ফলে নির্ধারিত সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা গ্রহণে আপাতত আর কোনো আইনি বাধা রইল না।