মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন ইশরাক হোসেন। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগের ঘোষণা দেন। এদিন দুপুর আড়াইটার দিকে তিনি গণমাধ্যমকর্মীদের সামনে নিজের সিদ্ধান্তের কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনের আগেই ইশরাক তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছিলেন যে দুপুর ২টার সময় তিনি পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। নির্ধারিত সময়ের কিছু আগেই বিপুল সংখ্যক অনুসারী নিয়ে তিনি জাতীয় প্রেস ক্লাবে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন শত শত নেতা–কর্মী।
নিজের পদত্যাগ সম্পর্কে ইশরাক হোসেন বলেন, তিনি প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। তার লক্ষ্য হলো ঢাকা-৬ আসন ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে মাদক নির্মূল এবং জাতীয় জনজীবনের বিভিন্ন সমস্যা সমাধানে মনোনিবেশ করা। ইশরাক জানান, প্রধানমন্ত্রী তার এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন এবং তাকে এলাকায় ফিরে কাজ করার নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর পরামর্শ উদ্ধৃত করে তিনি বলেন, তাকে বলা হয়েছে, ‘ঠিক আছে যাও, এলাকা ঠিক করে এলাকায় কাজ কর।’ আমি উনাকে বলেছি পুরো সময়টাতে ঢাকা-৬ আসন, পার্শ্ববর্তী এলাকা, পরবর্তীতে আরও যদি এলাকা থাকে সেখানকার মাদক নির্মূল এবং আমাদের জাতীয় জনজীবনের অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে চাই।
উল্লেখ্য যে, গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ইশরাক হোসেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী তাকে সরাসরি এলাকাকেন্দ্রিক জনসেবায় সময় দেওয়ার পরামর্শ দিয়ে এই পদত্যাগের বিষয়টি অনুমোদন করেছেন।

