প্রীতমের ব্যস্ততা ও শেহতাজের বিচ্ছেদ নিয়ে যত গুঞ্জন

সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেমের বিবাহবিচ্ছেদের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। ২০২২ সালের ২৯ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসা এই তারকা দম্পতির বিচ্ছেদের কারণ নিয়ে ভক্তদের মনে নানা প্রশ্ন দানা বেঁধেছে। দীর্ঘ প্রায় পাঁচ বছরের সম্পর্কের ইতি টানার পেছনে প্রীতমের কাজের ব্যস্ততা ও পারস্পরিক দূরত্বই প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। তারকা দম্পতির বিচ্ছেদের কারণ খুঁজতে গিয়ে অসমর্থিত বিভিন্ন সূত্রে নানা গুঞ্জনের তথ্য পেয়েছে কালবেলা অনলাইন।

প্রীতমের ঘনিষ্ঠ এক মিউজিশিয়ানের ভাষ্যমতে, স্টেজ শো ও অন্যান্য কাজ নিয়ে প্রীতমের ব্যস্ততা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল, যার প্রভাব পড়েছিল তাদের সংসার জীবনে। আর শেহতাজের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ক্যারিয়ারের চাপে প্রীতমের অবহেলা ও ব্যস্ততার কারণে শেহতাজের আচার-আচরণে পরিবর্তন আসাটা স্বাভাবিক ছিল। অভিযোগ শুধু প্রীতমের বিরুদ্ধে নয়, শেহতাজকে নিয়েও ছিল, যার ফলে তারা গত কয়েক মাস ধরে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। শোনা যাচ্ছে, সেপ্টেম্বরের শুরুতেই তাদের ডিভোর্সের বিষয়টি চূড়ান্ত হয়েছে। এতে সংসারের সঙ্গে তার দূরত্ব তৈরি হচ্ছিল।

বিষয়টি নিয়ে রোববার রাত ১০টা ৪২ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন শেহতাজ। তিনি জানান, পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শেহতাজ লেখেন, অনেক চিন্তাভাবনার পর তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা থাকাই উত্তম। তারা একসঙ্গে কাটানো সময়ের স্মৃতিগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একে অপরের প্রতি যত্নশীল থাকার প্রত্যয় জানান। পরিবারের সমর্থন নিয়েই তারা বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছেন।

প্রীতম ও শেহতাজের পরিচয় হয়েছিল ২০১৭ সালে, প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজের সুবাদে। সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তীতে বিয়ের রূপ নেয়। সম্পর্কের দীর্ঘ যাত্রার সমাপ্তি নিয়ে তারকা দম্পতি ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন এবং এসব বিষয় নিয়ে গণমাধ্যমে বিস্তারিত কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেছেন।