ফুটবল সমর্থকদের ভোটে সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয় রোনালদোর

বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের ভোটে ইতিহাসের সেরা ব্যালন ডি’অর জয়ীর স্বীকৃতি পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। উয়েফা এবং ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের যৌথ উদ্যোগে পরিচালিত ‘বোট’ (BOAT – Best Of All Time) নামক বিশেষ ফ্যানস চয়েস অ্যাওয়ার্ডে তিনি পেছনে ফেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। দশজন কিংবদন্তি ব্যালন ডি’অর জয়ীর পারফরম্যান্স নিয়ে এই অনলাইন ভোটিং পরিচালিত হয়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্ল্যারিন’-এর তথ্য অনুযায়ী, ৪৪৬ পয়েন্ট নিয়ে রোনালদো মেসিকে হারান, যার সংগ্রহ ছিল ২৮১ পয়েন্ট। ভক্তদের বিচারে ২০০৭-০৮ মৌসুমে রোনালদোর পারফরম্যান্সটিই ইতিহাসের সর্বসেরা হিসেবে গণ্য হয়েছে। তবে আয়োজকরা আগেই জানিয়েছেন, এই পুরস্কারের জন্য কোনো ট্রফি প্রদান করা হবে না। ফুটবলপ্রেমিদের ভোটিংয়ের তুমুল উত্তেজনার পর অবশেষে ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ীর মুকুট পরলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

অনলাইন এই ভোটিং প্রক্রিয়ায় বিশ্বব্যাপী ফুটবল ভক্তদের কাছ থেকে প্রতি ভোটের জন্য ১ ইউরো বা ১৩৮ টাকা ফি নেয়া হয়েছে। অংশগ্রহণকারী ভোটারদের মধ্য থেকে ড্রয়ের মাধ্যমে দুজনকে ২০২৭ সালের মূল ব্যালন ডি’অর অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকার সুযোগ দেয়া হবে। ভোটিংয়ে শীর্ষ ১২ জনের তালিকার পুরোটাই রোনালদো ও মেসি নিজেদের দখলে রেখেছেন। তালিকার শীর্ষে রোনালদোর ২০০৮ সাল, দ্বিতীয় স্থানে মেসির ২০১২ সাল, তৃতীয়তে রোনালদোর ২০১৭ সাল, চতুর্থতে মেসির ২০২৩ সাল এবং পঞ্চম স্থানে রয়েছে রোনালদোর ২০১৬ সালের ব্যালন ডি’অর মৌসুমটি।

২০০৮ সালে ওল্ড ট্রাফোর্ডে রোনালদো এক অনন্য রূপকথা রচনা করেছিলেন। স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২টি গোল করেছিলেন তিনি, যার মধ্যে ইংলিশ প্রিমিয়ার লীগে ছিল ৩১টি গোল। তার একক নৈপুণ্যে সেবার রেড ডেভিলরা প্রিমিয়ার লীগ ও উয়েফা চ্যাম্পিয়নস লীগ জয় করে। বিশেষ করে মস্কোর ফাইনালে চেলসির বিপক্ষে রোনালদোর গোল এবং পরবর্তীতে পেনাল্টি শুটআউটের রোমাঞ্চ আজও সমর্থকদের স্মৃতিতে অমলিন। ওই বছরই তিনি ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জিতেছিলেন, যা এখন ভক্তদের ভোটে সর্বকালের সেরার মর্যাদা পেল। একই বছর তিনি ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর নিজের ঘরে তোলেন।

ক্যারিয়ারের পরিক্রমায় ২০০৯ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান পর্তুগিজ এই সুপারস্টার এবং সেখানে আরও চারটি ব্যালন ডি’অর জেতেন। এরপর জুভেন্টাস হয়ে ২০২১ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য ইউনাইটেডে ফিরলেও নানা বিতর্কের জেরে তিনি ক্লাব ছাড়েন। বর্তমানে সৌদি প্রো লীগের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন রোনালদো এবং সম্প্রতি লিগ শিরোপাও জিতেছেন। অন্যদিকে, বিশ্ব ফুটবলের বরপুত্র মেসি তার বর্ণিল ক্যারিয়ারে আটটি ব্যালন ডি’অর অর্জন করে অনন্য উচ্চতায় অবস্থান করছেন। তবে সব বিতর্কের ঊর্ধ্বে গিয়ে ফুটবল সমর্থকদের রায়ে রোনালদোর সেই পুরনো ম্যানচেস্টার ইউনাইটেড সংস্করণটিই ইতিহাসের সেরা হিসেবে জায়গা করে নিল।