রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার দুপুরে চারটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে পদচারী-সেতুর পশ্চিম পাশের রাস্তায় একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সেতুর পূর্ব পাশের রাস্তায় অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল। এই তিনটি ককটেল উদ্ধারের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
অন্যদিকে, ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, সেতুর পশ্চিম পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন আরও দুজনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে এই ঘটনায় মোট চারজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

