ইউরোপের একাধিক দেশে সাম্প্রতিক সময়ে চলমান ব্যাপক গণবিক্ষোভের পরিপ্রেক্ষিতে ফ্রান্স ও ইতালিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে নয়াদিল্লি। প্যারিস ও রোমে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেখানে বসবাসরত কিংবা বর্তমানে এই দেশগুলোতে ভ্রমণের পরিকল্পনা করছেন এমন নাগরিকদের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনায় রেখে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
প্যারিসে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান অস্থিরতার জেরে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে। দূতাবাস কর্তৃপক্ষ প্রবাসী নাগরিকদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, বিক্ষোভ চলছে এমন এলাকায় না যাওয়ার জন্য এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য। যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য একটি নির্দিষ্ট নম্বরও প্রকাশ করা হয়েছে। একই ধরনের নিরাপত্তা নির্দেশিকা জারি করেছে ইতালির ভারতীয় দূতাবাসও। প্যারিসের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে ফ্রান্সে আঞ্চলিক ভাবে কিছু কিছু জায়গায় কারফিউ জারি করা হয়েছে। যে সমস্ত জায়গায় বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে, সেখানে যাবেন না।
গত কয়েক সপ্তাহ ধরে ইউরোপের বিভিন্ন দেশে নানা দাবিতে বিক্ষোভ আন্দোলন চলছে। সরকারবিরোধী এই ক্ষোভ প্রাথমিকভাবে ছাত্রসমাজ থেকে শুরু হলেও বর্তমানে তা বৃহত্তর আকার ধারণ করেছে। বিশেষ করে ফ্রান্সে উন্নত সেবার দাবিতে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ বিভিন্ন স্থানে ‘হিংসাত্মক’ হয়ে ওঠে। এর ফলে পুলিশের সঙ্গে সংঘর্ষ, লুটপাট এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগের মতো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কারফিউ জারি করেছে এবং বহু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

