বরগুনার তালতলীতে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বাংলা কিউআর ও ক্যাশলেস লেনদেন বিষয়ক ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে তালতলী উপশাখার আয়োজনে ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
তালতলী উপশাখার ব্যবস্থাপক মো. আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা শাখার ব্যবস্থাপক মো. এমরান হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও তালতলী বহুমুখী ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম মামুন, সাধারণ সম্পাদক চুন্নু হাওলাদার, তালতলী উপশাখার অফিসার মিঠুন দেবনাথ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. ইউনুস আলী, তালতলী পরিবেশক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহা. আবু বকর সিদ্দিক, গণ অধিকার পরিষদের সভাপতি মো. নাসিরুদ্দিন মুন্সী এবং তালতলী আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মো. শাহিন আলম।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় উপশাখার অফিসার মিঠুন দেবনাথ জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গত ১ জুলাই থেকে বাংলা কিউআর ক্যাম্পেইন শুরু হয়েছে। তিনি বলেন, এই প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্তভাবে ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি হ্রাসের পাশাপাশি দেশে ক্যাশলেস লেনদেনের পরিধি আরও বিস্তৃত হবে। বাংলা কিউআরের ব্যবহার বাড়লে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলেও তিনি উল্লেখ করেন।

