বিনোদন জগতের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল

বিনোদন জগতের চাকচিক্যের আড়ালে থাকা শিল্পীদের সংগ্রাম, কাস্টিং কাউচের মতো নেতিবাচক অভিজ্ঞতা এবং পারিশ্রমিক বৈষম্যের বিষয়গুলো নিয়ে সম্প্রতি কথা বলেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। এক সাক্ষাৎকারে তিনি বর্তমান সময়ের বিনোদন ইন্ডাস্ট্রির বাস্তব চিত্র এবং নিজের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন দিক তুলে ধরেন।

শ্রেয়ার মতে, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রভাবের ফলে নারীদের জন্য কাজের পরিবেশ আগের চেয়ে অনেক বেশি সহজ ও নিরাপদ হয়েছে। তবে অতীতে পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং ছিল। ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্বের কথা স্বীকার করে তিনি জানান, ক্যারিয়ারের শুরুতে খুব কম বয়সে গান গাওয়া শুরু করায় তার বাবা-মা সবসময় ছায়ার মতো তার পাশে থাকতেন। পরিবারের এই সুরক্ষাবলয়ের কারণে তাকে কখনো কোনো তিক্ত বা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি।

পারিশ্রমিক বৈষম্যের বিষয়ে শ্রেয়া জানান, এই সমস্যাটি কেবল নারীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পুরুষ শিল্পীরাও অনেক সময় নামমাত্র পারিশ্রমিকে বা বিনামূল্যে কাজ করতে বাধ্য হন। নিজের ক্যারিয়ারের শুরুর দিকে প্রচুর গান বিনামূল্যে গাওয়ার কথা উল্লেখ করে তিনি বর্তমান সময়ের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের উদাহরণ দেন। তিনি বলেন, অনেক বড় মাপের শিল্পীও প্রজেক্টের প্রয়োজনে বিনামূল্যে কাজ করেন, তবে বড় বাজেটের কাজের ক্ষেত্রে তারা নিজেদের যোগ্য পারিশ্রমিক আদায়ে আপস করেন না।

উল্লেখ্য, সঞ্জয় লীলা বানসালির কালজয়ী সিনেমা ‘দেবদাস’-এ শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের জন্য ‘বৈরী পিয়া’ গানটি গাওয়ার মাধ্যমে বলিউডে প্লেব্যাক গায়িকা হিসেবে শ্রেয়া ঘোষালের অভিষেক হয়েছিল।