বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’। শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন’ প্রতিপাদ্যে এই আয়োজনটি ৩ অক্টোবর শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে প্রধানমন্ত্রী বাংলাদেশের অবস্থান, আন্তর্জাতিক সহযোগিতা, বৈশ্বিক পরিবর্তন এবং আঞ্চলিক সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখছেন। এবারের সংলাপে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত রাজনীতিক, গবেষক, কূটনীতিক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নিয়েছেন।

সংলাপের পরবর্তী অধিবেশনগুলোতে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, অর্থনৈতিক রূপান্তর, আন্তর্জাতিক নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও গণতন্ত্র নিয়ে আলোচনার কথা রয়েছে। এছাড়াও প্রযুক্তিগত উৎকর্ষ, সুশাসন এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য প্রসারের সম্ভাবনা নিয়ে নীতিনির্ধারকরা বিস্তারিত আলোচনা করবেন বলে জানা গেছে।