ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের আকাল, হতাশ চরফ্যাশনের জেলেরা

ইলিশের ভরা মৌসুম চললেও চরফ্যাশনের সামরাজ মৎস্যঘাটের জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। আষাঢ়-শ্রাবণ মাসে মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে যে কর্মচাঞ্চল্য ও হাঁকডাক থাকার কথা, বর্তমানে তার ছিটেফোঁটাও নেই। মাছ না পাওয়ায় চরম হতাশায় দিন কাটাচ্ছেন স্থানীয় জেলেরা।

সামরাজ ঘাটের জেলে মজিদ শাহ ও নজরুল ইসলাম মাঝির ভাষ্যমতে, সমুদ্রে অবৈধ ট্রলিং এবং ছোট ফাঁসের নিষিদ্ধ জালের অবাধ ব্যবহারের কারণে মাছের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। এর ফলে উপকূলীয় সাধারণ জেলেরা জাল ফেলে খালি হাতেই ফিরছেন। তারা জানান, সাধারণত ভারী বৃষ্টিপাতে নদীতে পানির প্রবাহ বাড়লে সাগর থেকে ইলিশ নদীতে চলে আসে। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারী বর্ষণ ও নদীতে পানি বাড়লেও ইলিশের দেখা মিলছে না।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, নদীর মোহনায় অসংখ্য ডুবোচর সৃষ্টি হওয়া এবং জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় নদনদীতে ইলিশের বিচরণ পথ ও প্রজনন ক্ষেত্রগুলো অনিরাপদ হয়ে পড়েছে। তিনি আরও বলেন, অবৈধ ট্রলার ও জাল দিয়ে মাছ শিকার রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। তবে সাম্প্রতিক বৃষ্টিপাতে নদীতে পানি বাড়ায় সামনের দিনগুলোতে ইলিশের দেখা পাওয়ার আশা প্রকাশ করেছেন এই মৎস্য কর্মকর্তা।