মালদ্বীপকে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিতে পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ২-৩ ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তান। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে মালদ্বীপের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না তাদের সামনে। সেই কঠিন সমীকরণ দারুণভাবে সামলে নিয়েছে দলটি। জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপকে ৩-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে পাকিস্তান।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়েছিল পাকিস্তান। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ তুলে নেয় তারা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই পেনাল্টি পায় পাকিস্তান। মালদ্বীপের ডিফেন্ডার মোহাম্মদ নাঈম নিজেদের ডি-বক্সে আব্দুল্লাহকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। চতুর্থ মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন আবদুল্লাহ। এর পাঁচ মিনিট পর বক্সের কিনারা থেকে ব্যবধান দ্বিগুণ করেন নাজিব উল্লাহ। ২৪ মিনিটে মালদ্বীপের অভিজ্ঞ ডিফেন্ডার আমদান আলীর ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন নাজিব।

বিরতির পর মালদ্বীপ তিনটি পরিবর্তন এনে ম্যাচে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয়। ৬৬ মিনিটে নাঈমের একটি নিচু শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ও অধিনায়ক ইউসুফ ইয়াজ বাট। পরের মিনিটেই মালদ্বীপ জালে বল পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল করা হয়। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পাকিস্তান।

এই জয়ে পাকিস্তানের সেমিফাইনাল নিশ্চিত হলেও গ্রুপটির সমীকরণ এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি। আগামী ১১ নভেম্বর মালদ্বীপের মুখোমুখি হবে ভারত। ওই ম্যাচে ড্র করলেই পাকিস্তানের সঙ্গী হিসেবে ভারত সেমিফাইনালে উঠবে। তবে মালদ্বীপ যদি তিন গোলের ব্যবধানে ভারতকে হারাতে পারে, তবে তারাও শেষ চারে জায়গা করে নিতে পারে; আর সেক্ষেত্রে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে ভারত।