তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখা এবং পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চায় উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে ভৈরবে আয়োজন করা হয় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬। গত ২১ অক্টোবর ভৈরব পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই বিশেষ প্রতিযোগিতায় অংশ নেয় বন্ধুসভার সদস্যরা। বাংলাদেশের জাতীয় পতাকার রঙের সঙ্গে মিল রেখে দুই দলের নামকরণ করা হয় লাল ও সবুজ দল।
ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন। প্রথমার্ধের খেলা শেষে ২-২ গোলের সমতা ছিল। তবে বিরতির পর লাল দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে ব্যবধান বাড়িয়ে নিতে থাকে। শেষ পর্যন্ত সবুজ দলকে ৫-২ গোলের ব্যবধানে পরাজিত করে জয় নিশ্চিত করে লাল দল। এই ম্যাচে হ্যাটট্রিক করে ম্যাচসেরার খেতাব জিতেছেন লাল দলের রাইট উইঙ্গার হান্নান আহমেদ। ম্যাচে লাল দল দুটি লাল কার্ড এবং সবুজ দল একটি হলুদ কার্ডের মুখোমুখি হয়। মাঠে উপস্থিত শতাধিক দর্শক পুরো সময় খেলাটি উপভোগ করেন। ২–২ গোলে সমতা নিয়ে বিরতিতে যায় তারা। মাঠে প্রায় শতাধিক দর্শকের উপস্থিতি খেলাটিতে বাড়তি প্রাণ সঞ্চার করে।
খেলা শেষে আয়োজনের প্রেক্ষাপট নিয়ে কথা বলেন নিজস্ব প্রতিবেদক ও ভৈরব বন্ধুসভার উপদেষ্টা সুমন মোল্লা। তিনি মাদককে বর্তমান সময়ের এক অদৃশ্য মহামারি হিসেবে অভিহিত করে বলেন, এটি সমাজ ও মেধাবী প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই তরুণদের পড়াশোনার অবসরে মাঠের খেলাধুলায় মনোযোগী হওয়া এবং সঠিক সঙ্গী নির্বাচনের আহ্বান জানান তিনি। ভৈরব বন্ধুসভার সাবেক সভাপতি প্রিয়াঙ্কা খেলার চমৎকার পরিবেশের প্রশংসা করে জানান, প্রথমার্ধের হাড্ডাহাড্ডি লড়াই ম্যাচটিতে টান টান উত্তেজনা বজায় রেখেছিল।
পুরো আয়োজনটি ক্যামেরায় ধারণ করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক স্নেহা আলম। এ সময় ভৈরব বন্ধুসভার সভাপতি জান্নাতুল মিশু, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মহিমা মেধা, সংস্কৃতি সম্পাদক মোশাররফ রাব্বি এবং মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ভুবন আহমেদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এই আয়োজনের মাধ্যমে সুস্থ বিনোদনের সুযোগ তৈরি ও তরুণদের মধ্যে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল ভৈরব বন্ধুসভার মূল লক্ষ্য। স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক, ভৈরব বন্ধুসভা।

