মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করলেন হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী

মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। মেলাক্কায় আয়োজিত “চিত্তবিনোদন ও ঈদ পুনর্মিলনী ২০২৬” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রবাসীদের অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের উদ্যোগে এবং মালয়েশিয়া সরকারের সামাজিক সুরক্ষা সংস্থা পারকেসোর সহযোগিতায় মেলাক্কা পারকেসো রিহ্যাবিলিটেশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মেলাক্কা রাজ্যের বিভিন্ন শিল্প ও সেবা খাতে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী, নিয়োগকর্তা, পেশাজীবী এবং কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে পারকেসোর ফরেন ওয়ার্কার্স ডিভিশনের প্রধান হারিরি হারুন এবং ডেপুটি ডিরেক্টর ড. শিভানান্দা রাজাহ সাতগুনামসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়া অগ্রণী রেমিট্যান্স হাউজ, এনবিএল মানি ট্রান্সফার এবং সিবিএল মানি ট্রান্সফার হাউসের প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে পারকেসোর পক্ষ থেকে বিদেশি কর্মীদের জন্য প্রযোজ্য সুরক্ষা ও কল্যাণমূলক বীমা স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ, চিকিৎসা, পুনর্বাসন ও পেনশন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে মালয়েশিয়ান নিয়োগকর্তাদের প্রতি বাংলাদেশি কর্মীদের বাধ্যতামূলক বীমা স্কিমে নিবন্ধনের আহ্বান জানান।

একই সঙ্গে তিনি প্রবাসী কর্মীদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠানো এবং সরকারি বিভিন্ন সঞ্চয় ও সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা প্রবাসীদের শ্রম অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া মালয়েশিয়ার আইন মেনে চলা ও দায়িত্বশীল কর্মসম্পাদনের ওপরও জোর দেওয়া হয়। অনুষ্ঠানের শেষভাগে প্রবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।