দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলোর নেতারা মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কমাতে জোর তদবির ও দেনদরবার করছেন বলে অভিযোগ তুলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বনানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ বিষয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ‘হার স্কিলস, হার ফিউচার’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।
ববি হাজ্জাজ বলেন, ২০২৬ সালের রোবটিকস ও আধুনিক প্রযুক্তির যুগে এসে যখন সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে, তখন বাল্যবিয়ের মতো পশ্চাৎমুখী বিষয় নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা হওয়াটা অত্যন্ত হতাশাজনক। তিনি প্রাচীন সভ্যতার উদাহরণ টেনে বলেন, আড়াই হাজার বছর আগের গ্রিস বা চার হাজার বছর আগের মিসরের সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে বর্তমান সময়ের কোনো তুলনাই হয় না। এমন পরিস্থিতিতে বিয়ের বয়স কমানোর পক্ষে নেতারা কেন অবস্থান নিচ্ছেন, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং বিষয়টি তথ্য ও জ্ঞানের ভিত্তিতে জনগণের সামনে উন্মোচনের আহ্বান জানান।
নারীর টেকসই ক্ষমতায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কেবল কারিগরি প্রশিক্ষণ বা চাকরির সুযোগ দিলেই ক্ষমতায়ন সম্ভব নয়। বরং নারীর আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন অপরিহার্য। তিনি আরও বলেন, বাল্যবিয়ের পেছনে পারিবারিক নিরাপত্তা নিয়ে ভয়, সামাজিক চাপ ও অর্থনৈতিক অনিশ্চয়তা প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। এসব বাধা দূর করতে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
প্রান্তিক কিশোরী ও তরুণীদের দক্ষ করে তোলার ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থাকা নারীদের স্বাবলম্বী করে তোলা গেলে তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। ইউনিসেফ বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রধান দীপা শঙ্করের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির অন্তর্বর্তী প্রতিনিধি জিলিয়ান মেলসপ এবং কোইকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

