ভিসা জটিলতার কারণে ওমানে অনুষ্ঠিতব্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সফর স্থগিত করা হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলার কথা থাকলেও প্রয়োজনীয় ভিসা সময়মতো না পাওয়ায় নির্ধারিত সময়ে দেশ ছাড়তে পারেনি বাংলাদেশ দল। বিষয়টি নিশ্চিত করে শনিবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি জানায়, সিরিজটির আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে তারা। মূলত সেপ্টেম্বর মাস থেকেই ভিসার প্রক্রিয়া শুরু হয়েছিল এবং এ পুরো বিষয়টি এসিবির মাধ্যমে সমন্বয় করা হচ্ছে। ফলে ভিসা সংক্রান্ত জটিলতাটি বিসিবির সরাসরি নিয়ন্ত্রণে নেই।
সূচি অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি হওয়ার কথা ছিল। পরবর্তী ম্যাচগুলো ১৫, ১৮, ২০ এবং ২৩ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে পুরো সফরটিই অনিশ্চয়তার মুখে পড়েছে। বিসিবি আশ্বস্ত করেছে যে, যুবাদের এই সফরটির জন্য দল পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। ভিসা পাওয়া মাত্রই দ্রুত ভ্রমণের যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করে দলকে ওমানে পাঠানো হবে।
সফরের জন্য ঘোষিত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে রয়েছেন: ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমীন হোসেন রনি, আল রফি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, আল আমীন হোসেন, শাকিল খান, মেহেরাব হাসান সিজান, রকিবুল হাসান, রবিউল হাসান অনিক, রুবাই ইসলাম রিজন, শেখ আতিকুর রহমান আকাশ এবং শেখ জারিফ সিয়াম।

