শর্ত সাপেক্ষে আদ্-দ্বীন হাসপাতালের কার্যক্রম পরিচালনার অনুমতি দিল সরকার

রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে সরকার। এখন থেকে কিছু নির্দিষ্ট শর্ত মেনে হাসপাতালটি পুনরায় তাদের চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করতে পারবে।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, হাসপাতালে ছয় নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের করা আপিল ও বিস্তারিত বিবরণের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। গত ১৫ই জুলাই ওই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

তবে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষকে তিনটি শর্ত মানতে হবে। শর্তগুলো হলো—১৯৮২ সালের সংশ্লিষ্ট অর্ডিন্যান্স অনুযায়ী সব নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে, লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় সংখ্যক ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগ নিশ্চিত করতে হবে এবং লাইসেন্সের শর্তাবলী লঙ্ঘিত হলে সরকার যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরে এই প্রজ্ঞাপন জারি করা হয়।