ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দেশটির তরুণ প্রজন্মের সক্ষমতা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান দিনেশ কার্তিক। তিনি মনে করেন, ভারতের আগামীর অগ্রযাত্রায় এই তরুণরাই সবচেয়ে বড় চালিকাশক্তি হিসেবে কাজ করবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কার্তিক লিখেছেন, ‘দিন শেষে আমরা সবাই একটি উন্নত ভারতের স্বপ্ন দেখি। নতুন প্রজন্মের স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, একে অপরের প্রতি সহযোগিতা এবং কঠোর পরিশ্রম আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করে। আমাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। পরবর্তী প্রজন্মই দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। জয় হিন্দ।’
নিজের এই বার্তার ক্যাপশনে কার্তিক আরও উল্লেখ করেন, ‘আগামী এক দশক ভারতের।’ শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঠিক পরপরই তাঁর এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। যদিও তিনি সরাসরি কোনো রাজনৈতিক ইস্যু বা মন্ত্রীর নাম উল্লেখ করেননি।
উল্লেখ্য, নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগে ভারতে গত এক মাসের বেশি সময় ধরে তীব্র আন্দোলন চলছিল। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে শুরু হওয়া এই বিক্ষোভে বিভিন্ন বিরোধী দল ও সাধারণ মানুষ সংহতি প্রকাশ করেন। আন্দোলনের তীব্রতা বাড়লে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান। বর্তমানে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ ও মেন্টরের দায়িত্ব পালন করছেন কার্তিক।

