সৌদিতে ফের হুতি হামলায় আহত দুই বাংলাদেশি, সরকারের নিন্দা

সৌদি আরবের দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি গোষ্ঠী হুতিদের সাম্প্রতিক হামলায় দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়। একই সঙ্গে, হামলায় ক্ষতিগ্রস্ত সব ভুক্তভোগীর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে ঢাকা এবং সৌদি সরকার ও জনগণের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে। সব ধরণের সহিংসতা বন্ধ করে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। দাম্মামে হতাহতের ঘটনা ঘটেছে এবং আহত হয়েছেন ২ বাংলাদেশি। একইসঙ্গে সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ এবং কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানেরও আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় এই হামলাটি পরিচালিত হয়। এতে আহত হয়েছেন মোট ১০ জন। আহত বাংলাদেশিরা হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে যে, বর্তমানে তারা দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই হামলায় আহতদের তালিকায় বাংলাদেশিরা ছাড়াও দুইজন ভারতীয়, দুইজন ইয়েমেনি, একজন সৌদি নাগরিক এবং একজন নেপালি নাগরিক রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে। হামলায় একজন ভারতীয় ও একজন সৌদি নাগরিক নিহত হয়েছেন বলেও বৃহস্পতিবার সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য যে, সৌদি আরবে হুতিদের হামলার শিকার হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত ১০ অক্টোবর রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছিলেন। ওই ঘটনায় নিহতদের মধ্যে শাহেদ আহম্মেদের মরদেহ শুক্রবার দেশে পৌঁছায়। বারবার এমন হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।