নিউ ইয়র্কের জ্যামাইকায় ‘মানবতাবিরোধী অপরাধের বিচারের অগ্রগতি ও সংকট’ শীর্ষক এক বিশেষ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ অক্টোবর প্যাট্রিয়টস অব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশের বর্তমান বিচারব্যবস্থা, মানবাধিকার পরিস্থিতি, গণতন্ত্র, রাষ্ট্রের জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের সাবেক সিনেটর-অ্যাট-লার্জ শোয়াইব আহমেদ ভূঁইয়া। সভায় নিউ ইয়র্ক ভিত্তিক বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে দায়িত্বরত থাকাকালীন নিজের অভিজ্ঞতা ও বিচারপ্রক্রিয়ার নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। তিনি বলেন, “বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।” তিনি শেখ হাসিনার শাসনামলে ঘটে যাওয়া বিচারবহির্ভূত হত্যা, গুম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক নিপীড়নের বিচার ও জবাবদিহিতার বিষয়টি গুরুত্বসহকারে আলোকপাত করেন। সভায় উপস্থিত সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। অংশগ্রহণকারীরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতের ক্ষেত্রে তার দীর্ঘ পেশাগত অভিজ্ঞতার প্রশংসা করেন।
বিশেষ অতিথি শোয়াইব আহমেদ ভূঁইয়া প্রবাসীদের সামাজিক দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে মানবাধিকারের পক্ষে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার কোনো বিকল্প নেই। বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদ প্রতিরোধে আমাদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”
প্যাট্রিয়টস অব বাংলাদেশের উদ্যোক্তা আবদুল কাদেরের সঞ্চালনায় সভায় ডা. জুন্নুন চৌধুরী, সোহেল হামিদ, আজিজুর রহমান ও ড. শেখ মিজানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রখ্যাত লেখক আনোয়ার হোসেন মঞ্জু, ব্যান্ড সঙ্গীত শিল্পী বিপ্লব, সাংবাদিক কাজী শামসুল হক এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট এসএম রহমতুল্লাহসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশের ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রধান অতিথিকে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ‘Institute for Global Policy and Diplomacy’ (IGPD)-এর সমন্বয়ে আয়োজিত এই সভার উদ্যোক্তারা জানান, প্যাট্রিয়টস অব বাংলাদেশ একটি অ্যাডভোকেসিভিত্তিক সংগঠন, যারা ভবিষ্যতে বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আন্তর্জাতিক পর্যায়ে এমন গঠনমূলক কার্যক্রম চালিয়ে যাবে।

