পোল্যান্ডে মাটির নিচে অক্ষত মিলল ২৭০০ বছরের পুরোনো তলোয়ার

পোল্যান্ডের উত্তরাঞ্চলে বাল্টিক সাগর উপকূলের কাছে গদানস্ক বন বিভাগে মাটির গভীরে খাড়া অবস্থায় পুঁতে থাকা ২ হাজার ৭০০ বছরের পুরোনো একটি ব্রোঞ্জের তলোয়ারের সন্ধান পাওয়া গেছে। এই বিরল ও ব্যতিক্রমী আবিষ্কারটি করেছেন মার্সিন উইসনিউস্কি নামের এক শৌখিন ধাতু অনুসন্ধানকারী। চলতি জুনের শুরুতে পোমেরানিয়ান প্রাদেশিক হেরিটেজ কনজারভেটর তাদের ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রত্নতাত্ত্বিকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, উদ্ধার হওয়া তলোয়ারটি ব্রোঞ্জ যুগের শেষ ভাগের নিদর্শন, যা খ্রিস্টপূর্ব ৯০০ থেকে ৭০০ অব্দের মধ্যে তৈরি হয়েছিল। হেরিটেজ কর্মকর্তাদের প্রকাশিত ছবিতে দেখা যায়, দীর্ঘ সময় মাটির নিচে থাকার পরও তলোয়ারটি অবিশ্বাস্যভাবে সুরক্ষিত ও অক্ষত রয়েছে এবং খননকাজের সময় এটি খাড়া অবস্থায় ওপরের দিকে জেগে ছিল।

আবিষ্কারক মার্সিন উইসনিউস্কি এর আগেও গদানস্কের বাইরের একটি বনাঞ্চলে ব্রোঞ্জ যুগের বিভিন্ন গুপ্তধন খুঁজে পেয়েছিলেন। এবার তলোয়ারটি পাওয়ার পরপরই তিনি দ্রুত হেরিটেজ কর্মকর্তাদের খবর দেন। খবর পেয়ে প্রত্নতাত্ত্বিক স্মৃতিস্তম্ভ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং আবিষ্কারকের সহায়তায় সঠিক প্রত্নতাত্ত্বিক পদ্ধতি অনুসরণ করে নিদর্শনটি উদ্ধার করেন।

গদানস্কের স্মারক সুরক্ষা বিষয়ক প্রাদেশিক কার্যালয়ের সংবাদ মুখপাত্র মার্সিন টাইমিনস্কি জানিয়েছেন, তলোয়ারটি বর্তমানে জাদুঘরে স্থানান্তর ও ল্যাবে পরীক্ষার অপেক্ষায় রয়েছে। বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারবেন। তবে এটি কোন জাদুঘরে রাখা হবে সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

উল্লেখ্য, গদানস্ক বন বিভাগে ব্রোঞ্জ যুগের তলোয়ার পাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। ১৯২০-এর দশকে রাইনারজেভোর একটি জলাভূমি থেকে দুটি ব্রোঞ্জের অ্যান্টেনা-হিল্ট তলোয়ার উদ্ধার করা হয়েছিল, যা পরবর্তীতে গদানস্কের প্রাদেশিক জাদুঘরে পাঠানো হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হারিয়ে যায়। পোল্যান্ডে এমন প্রাচীন অস্ত্রের সন্ধান পাওয়া বিরল হলেও, গত এক বছরে দেশটিতে বেশ কিছু উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের ঘটনা ঘটেছে। এর মধ্যে পশ্চিম-কেন্দ্রীয় অঞ্চলের একটি হ্রদ থেকে মধ্যযুগীয় অস্ত্রের ভাণ্ডার এবং ভিস্তুলা নদীতে মাছ ধরার সময় জেলের বড়শিতে ৭০০ বছরের পুরোনো তলোয়ার আটকে আসার ঘটনা অন্যতম।

কন্টেন্ট: সংগৃহীত