‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কিশোর-কিশোরীদের বৃহৎ ক্রীড়া উৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিকেল ৪টায় প্রধানমন্ত্রী আর্মি স্টেডিয়ামে পৌঁছালে গ্যালারিতে উপস্থিত হাজার হাজার শিশু-কিশোর ও ক্রীড়াপ্রেমী করতালির মাধ্যমে তাকে স্বাগত জানায়। স্টেডিয়ামে প্রবেশ করেই প্রধানমন্ত্রী সরাসরি মাঠের খেলোয়াড়দের কাছে চলে যান। এরপর তিনি পুরো মাঠ ঘুরে গ্যালারিতে থাকা ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খেলাধুলার বিষয়ে উৎসাহ জোগান। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মাঠে থাকা ৮ হাজারেরও বেশি শিক্ষার্থী আনন্দ ও উচ্ছ্বাসে মেতে ওঠে। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তৃণমূল পর্যায়ের ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে গত ২ মে এই ক্রীড়া উৎসবের যাত্রা শুরু হয়েছিল। ওইদিন সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ে সারাদেশের জেলা ও উপজেলা থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ অংশ নিয়েছে।
এবারের আয়োজনে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার এবং মার্শাল আর্ট—এই আটটি ডিসিপ্লিনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক ধাপ পেরিয়ে সেরা প্রতিযোগীরা রাজধানীর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
সমাপনী অনুষ্ঠানের অংশ হিসেবে আর্মি স্টেডিয়ামে ফুটবল ইভেন্টে বালক ও বালিকাদের দুটি ফাইনাল ম্যাচ এবং ১০০ মিটার স্প্রিন্ট দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় বালকদের ফুটবল ফাইনালে সিলেট অঞ্চল ও ময়মনসিংহ অঞ্চল মুখোমুখি হয়, যেখানে সিলেট অঞ্চল ২-০ গোলে জয়লাভ করে। এরপর বালিকাদের ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই আয়োজনের শেষভাগে বিকেল ৫টায় প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এই ক্ষুদে ক্রীড়াবিদদের মেধা ও মনন বিকাশে নতুন কুঁড়ি স্পোর্টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

