পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কারাগারে অমানবিক আচরণ বন্ধ করতে ইসলামাবাদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের নির্যাতনবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার অ্যালিস জিল এডওয়ার্ডস। একই সময়ে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তার মুক্তির দাবিতে দেশব্যাপী মিছিলের প্রস্তুতি নিচ্ছে। দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, এই তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে অ্যালিস জিল এডওয়ার্ডস জানান, ইমরান খান গত ৩৩ মাস ধরে প্রায় সম্পূর্ণ একাকী বন্দি অবস্থায় একটি ছোট, জানালাবিহীন কক্ষে ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারির মধ্যে রয়েছেন। তিনি বলেন, অনেক সময় টানা দুই সপ্তাহেরও বেশি সময় ইমরান খানকে কোনো ধরনের ব্যায়াম বা অর্থবহ মানবিক যোগাযোগের সুযোগ দেয়া হয় না। এডওয়ার্ডস একে জাতিসংঘের ‘ম্যানডেলা রুলস’-এর সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে পাকিস্তান সরকারকে মানবিক কারাবাসের পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।
জাতিসংঘের ‘ম্যানডেলা রুলস’ বা বন্দিদের সঙ্গে আচরণের ন্যূনতম মানদণ্ড অনুযায়ী, কোনো বন্দিকে দিনে ২২ ঘণ্টা বা তার বেশি সময় অর্থবহ মানবিক যোগাযোগ ছাড়া রাখা একাকী কারাবাস হিসেবে গণ্য হয়। এই নিয়ম অনুযায়ী, টানা ১৫ দিনের বেশি একাকী কারাবাস নিষিদ্ধ, কারণ এটি নির্যাতন বা নিষ্ঠুর ও অমানবিক আচরণের শামিল হতে পারে। এডওয়ার্ডস আরও জানান, ইমরান খান প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে যে খবর পাওয়া যাচ্ছে, তা নিয়ে তিনি উদ্বিগ্ন। বিশেষ করে ২০১৩ সালের মেরুদণ্ডের আঘাত এবং ২০২২ সালের নভেম্বরে হত্যাচেষ্টায় গুলিবিদ্ধ হওয়ার ক্ষত যথাযথভাবে চিকিৎসা করা হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।
ইমরান খানের আন্তর্জাতিক গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সৈয়দ জুলফিকার বুখারি দাবি করেছেন, গত আট মাসেরও বেশি সময় ধরে ইমরান খানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা হয়েছে এবং কারও সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়া হয়নি। তিনি জানান, ইমরান খান ও তার স্ত্রী উভয়েরই ন্যায্য বিচারের অধিকার ও মৌলিক অধিকার পাওয়ার কথা, যা বর্তমানে অত্যন্ত উদ্বেগজনক অবস্থায় রয়েছে।
ইমরান খানের কারাবাসের তৃতীয় বছর পূর্তি উপলক্ষে আগামী ৫ আগস্ট আদিয়ালা কারাগারের উদ্দেশে পদযাত্রার ডাক দিয়েছে পিটিআই। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমরান খানের মুক্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। যদিও পাঞ্জাব সরকার লাহোরে এই মিছিলের অনুমতি দেয়নি, তবে দলটি আদালতের মাধ্যমে অনুমতি নেয়ার চেষ্টা করছে। ইমরান খানের বোন আলিমা খান অভিযোগ করেছেন, গণতন্ত্রের পক্ষে অবস্থান নেয়ার কারণেই তার ভাইকে শাস্তি ও মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে।
২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি, রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস ও সন্ত্রাসবাদসহ একাধিক মামলা হয়েছে। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করে সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। এছাড়া ইমরান খানের পরিবার ও পিটিআইয়ের অভিযোগ, কারাগারে তার দৃষ্টিশক্তির অবনতি হয়েছে। যদিও পাকিস্তান সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, ইমরান খানের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার করা হচ্ছে না।

