ইউটিউবে শীর্ষস্থান হারাল ‘বড় ছেলে’, শীর্ষে নিলয়-হিমির নাটক

ইউটিউব প্ল্যাটফর্মে বাংলা নাটকের জনপ্রিয়তার তালিকায় বড় ধরনের পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে শীর্ষস্থান দখল করে রাখা ‘বড় ছেলে’ নাটকটি এখন তিন নম্বরে নেমে গেছে। জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত এই নাটকটি দর্শকদের কাছে একটি আবেগের নাম হয়ে উঠলেও, বর্তমানে তালিকার শীর্ষে উঠে এসেছে নতুন কিছু কাজ।

ইউটিউবের সর্বাধিক দেখা বাংলা নাটকের তালিকায় গত বছর থেকে এক নম্বরে অবস্থান করছে ‘শ্বশুরবাড়িতে ঈদ’। মহিন খানের পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি ও তারিক আনাম খান। নাটকটি এখন পর্যন্ত ৭৪ মিলিয়ন দর্শক দেখেছেন। গল্পে এক যুবকের প্রথমবার শ্বশুরবাড়িতে ঈদ করতে যাওয়া এবং সেখানকার পারিবারিক নানা মজার ঘটনা ও টানাপোড়েন ফুটিয়ে তোলা হয়েছে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে একই পরিচালকের ‘মামার বাড়ি’। ৬১ মিলিয়ন দর্শক দেখা এই নাটকেও জুটি বেঁধেছেন নিলয় আলমগীর ও হিমি। গ্রামীণ পটভূমিতে জমিজমা ও পারিবারিক সম্পর্কের জটিলতাকে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করায় নাটকটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে।

অন্যদিকে, মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘বড় ছেলে’ এখন তৃতীয় অবস্থানে রয়েছে। ৫৮ মিলিয়ন দর্শক দেখা এই নাটকে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলের ত্যাগ ও দায়িত্ববোধের গল্প তুলে ধরা হয়েছে। দীর্ঘদিন শীর্ষে থাকার পর নাটকটি এখন তিন নম্বরে নেমে এল।

তালিকায় চতুর্থ স্থানে থাকা ‘সংসার আমার ভাল্লাগে না’ নাটকটি দেখেছেন ৫৭ মিলিয়ন দর্শক। মহিন খানের পরিচালনায় এই নাটকে নিলয় ও হিমি জুটি দাম্পত্য জীবনের ভুল বোঝাবুঝি ও টানাপোড়েনকে হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।

সর্বাধিক দেখা নাটকের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে জাকারিয়া সৌখিন পরিচালিত ‘ভুলো না আমায়’। মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল অভিনীত এই নাটকটি ৫৫ মিলিয়ন দর্শক দেখেছেন। গ্রামের বিয়ের প্রেক্ষাপটে দুই বেয়াই ও বেয়ানের প্রেম এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে নাটকটির কাহিনি আবর্তিত হয়েছে।