যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলার পূর্বপরিকল্পনা বাতিল করার ঘোষণা দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর শর্তেই এই সামরিক অভিযান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ট্রাম্প দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানের বিরুদ্ধে নজিরবিহীন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত ছিল। তবে তিনি জানান, ইরান এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাকে হামলা না করার অনুরোধ জানিয়েছে। এর পেছনে মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, একটি সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো বা রূপরেখা নিয়ে সমঝোতা হয়েছে।
প্রস্তাবিত এই চুক্তির রূপরেখা সম্পর্কে ট্রাম্প দাবি করেন যে, এর আওতায় হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক হুমকির চূড়ান্ত অবসান ঘটানো হবে। তিনি বলেন, বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থেই তিনি এই হামলা বাতিল করতে সম্মত হয়েছেন, তবে শর্ত হলো দ্রুত চুক্তিটি সম্পন্ন করতে হবে। এছাড়া ট্রাম্প আরও দাবি করেছেন যে, ইসরাইলও তার এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে।

